
সরকার পতনে চট্টগ্রাম থেকেই এক দফা আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা করতে হলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে শ্রমিক দল এ সভার আয়োজন করে।
আবদুল্লাহ আল নোমান বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ ১০ দফা দাবিতে ‘দেশ বাঁচাতে শ্রমজীবী মানুষের জাগরণ’ শীর্ষক প্রথম সমাবেশটি ১৪ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষক, শ্রমিক, জেলে ও তাঁতিদের নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে ছাত্র-যুবকদের পাশাপাশি অতীতের মতো সারা দেশের শ্রমজীবী মানুষও অংশ নেবেন।
আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘শ্রমজীবী মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশাহারা। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। এই লক্ষ্যে ধীরে ধীরে এক দফার আন্দোলনের দিতে এগিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা আর বিএনপির কাজ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজ সারা দেশের মানুষ গণতন্ত্র চান। নিজের ভোট নিজে দিতে চান। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।