নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

সমাবেশের আগে নেতা-কর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। ১২ জুলাই
ছবি: সাজিদ হোসেন

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি। আজ বুধবার বেলা দুইটার দিকে এ সমাবেশ শুরু হয়।

সকাল থেকেই সমাবেশে দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর ১২টার মধ্যেই বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে ভরে গেছে সমাবেশস্থল। সমাবেশের শুরুতে অংশ নেওয়া নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপি কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হয়। গান পরিবেশনের ফাঁকে ফাঁকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দিতে থাকেন।

সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘আমরা ১৪ বছর ধরে প্রতিবাদ করেছি। এই সরকার শোনেনি। এখন আমরা এক দফা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ভাইদের যারা হত্যা করেছে তার বিচার করব। এখন থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলব।’

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি চাই। কারাগারে থাকা সব নেতা–কর্মীর মুক্তি চাই। আজকের এই সভা থেকে এই সরকার পতনের এক দফা কর্মসূচি চাই। রাজপথে থেকেই আমরা এই আন্দোলন সফল করব। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

বেলা দুইটার দিকে অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য শুরু করলেও তিনটা থেকে শুরু হয় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশকে কেন্দ্র করে মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

দুপুর ১২টার দিকে প্রথম হালকা বৃষ্টি হয়। তারপর আবার হালকা বৃষ্টি হয়। তবে বেলা দেড়টার দিকে বৃষ্টি বেশ জোরেশোরে শুরু হয়। তা চলে বেলা ২টা পর্যন্ত। এই বৃষ্টিতে অধিকাংশ নেতা–কর্মী ভিজে যান।

দেখা যায়, অধিকাংশ নেতা–কর্মী রাস্তায় ছিলেন। তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ডের নিচে অবস্থান নিয়ে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। অনেকে বিভিন্ন ভবন, দোকানে আশ্রয় নেন।