প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না: রিজভী

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না, এ মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব যা–ই বলুন না কেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। দেশের জনগণ এবং বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ‘১৪ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতের মৃত্যুর ঘটনা ছিল হাড় হিম করা আতঙ্কের শিহরণ। জোরপূর্বক গুম, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, সাংবাদিক হত্যা, বেআইনি আটকের ও রহস্যজনক নিখোঁজের হিড়িকের মধ্য দিয়ে দেশ চালিয়েছে আওয়ামী লীগ। সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে।’

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী নেতারা তাঁদের আক্রমণাত্মক ভাষায় শিষ্টাচার ও বিনয়কে বিদায় দিয়েছে। তিনি আরও বলেন, ‘যখন যা ইচ্ছা, সেটা করবেন এবং বলবেন, সেই দিন শেষ হয়ে আসছে। দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।’

ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সহিংস পরিবেশ সৃষ্টির অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঈদের আগে এবং পরে আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র সহিংসতায় এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছে। বিরোধী দলের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য মনে হয় তারা শপথ করে মাঠে নেমেছে। সন্ত্রাসকে তারা অমোঘ অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য।

রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার এখন চরম দুর্দশাগ্রস্ত। যেহেতু তাদের আগ্রহ দুর্নীতি আর টাকা পাচার, সে কারণে লুটপাট ও বেপরোয়া দুর্বিনীত কর্মকাণ্ড অব্যাহত রাখতেই দেশের বিভিন্ন অঞ্চলে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের ওপর আক্রমণ চালাচ্ছে।

কায়েমি স্বার্থে আঘাত লেগেছে বলেই গত পরশু থেকে গতকাল (রোববার) পর্যন্ত কুষ্টিয়া, নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতা–কর্মীদের ওপর সশন্ত্র আক্রমণ চালিয়ে রক্ত ঝরিয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক–বিষয়ক সম্পাদক মীর সরাফ আলী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।