ঈদে মানুষের মনে আনন্দ ছিল না: বিএনপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির পক্ষ থেকে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৩ এপ্রিল, ২০২৩
ছবি: বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সৌজন্যে

এবারের রোজা ও ঈদ জনগণের কষ্টে কেটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। তিনি বলেন, এবারের রোজা ও ঈদ জনগণের কষ্টে কেটেছে। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা মানুষের মনে কোনো আনন্দ ছিল না।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, মানুষের মনে যে ঈদের আনন্দ নাই, জনগণের নির্বাচিত সরকার হলে তারা উপলব্ধি করত। নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উচ্চগতিতে মানুষ দিশাহারা। রমজান মাস এমনকি ঈদেও মানুষ পরিবার, পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কাপড়ের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ঈদের মধ্যে খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তরাও পরিবারের সদস্যদের ঐতিহ্যগত ঈদ উপহার দিতে পারেনি।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, বঙ্গবাজার, নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের ঈদ উৎসব বলে কিছু ছিল না। সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করেনি। এসব অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন না করে সরকার ‘ব্লেম গেম’–এ ব্যস্ত।

সরকারের শতভাগ বিদ্যুতায়নের দাবিকে ‘মিথ্যা উন্নয়ন’ মন্তব্য করে এমরান সালেহ বলেন, এই উন্নয়ন কেমন, তা গ্রাম-শহরের মানুষ হারে হারে টের পাচ্ছেন। তীব্র দাবদাহে বারবার লোডশেডিংয়ে মানুষের জীবন নাকাল। প্রচণ্ড গরমে ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন মানুষ। বিদ্যুতের অভাবে মানুষ জমিতে পানি দিতে পারছেন না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

সরকারের নির্ধারণ করা ধানের ক্রয়মূল্যের সমালোচনা করে এমরান সালেহ বলেন, সরকারের নির্ধারিত দামে কৃষকেরা হতাশ। এতে কৃষকেরা লাভবান হবেন না, লাভবান হবেন ক্ষমতাসীন দলের মধ্যস্বত্বভোগী নেতা-কর্মীরা। প্রতি কেজি ধানের উৎপাদন খরচ ২৯ টাকা ৮০ পয়সা। সেখানে সরকার প্রতি কেজি ধানের দাম ৩০ টাকা নির্ধারণ করে কৃষকের সঙ্গে প্রতারণা করেছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, রমজান মাসে এবং ঈদের আগমুহূর্তেও সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছিল। ঈদের এক দিন আগে ওয়ারী এলাকা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ১০ এপ্রিল সাদা পোশাকধারীরা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়ালকে তুলে নেয়। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঈদের আগেও সরকার মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেনি অভিযোগ করে এমরান সালেহ বলেন, ২০ এপ্রিল ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীর নামে গায়েবি মামলা করা হয়।

বর্তমান সরকার আবারও নিজেদের অধীন নির্বাচনের নামে প্রহসনের পাঁয়তারা চালাচ্ছে দাবি করে এমরান সালেহ বলেন, মিথ্যাচার করে, ছেলে ভোলানো গল্প বলে আর প্রহসন করতে দেওয়া হবে না। জনগণ এই সরকারকে বিশ্বাস করে না, এই সরকারের প্রতি কোনো আস্থাও নেই। আন্দোলনে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণ তাদের পরাস্ত করবে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খোন্দকার মাশুকুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।