কুষ্টিয়ায় পীরের আস্তানা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে
কুষ্টিয়ায় পীরের আস্তানা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে

কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

কুষ্টিয়ার দৌলতপুরে পীরের দরবারে অগ্নিসংযোগ ও পীরকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুরের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে পীরের দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি শামীম রেজা ওরফে জাহাঙ্গীর পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে বলা হয়েছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় মাজার ভাঙা, মৃত মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া এবং দরগাহ ও ওরসকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু নির্বাচিত সরকারের সময়ে এসেও এ ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও উৎকণ্ঠার। মনে রাখতে হবে, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ প্রতিষ্ঠা, যেখানে দল, মত, ধর্ম, ধর্মীয় ধারা-উপধারা, জাতি ও শ্রেণিনির্বিশেষে সব নাগরিকের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এ ঘটনা অবশ্যই নির্বাচিত বিএনপি সরকারের ধারাবাহিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এই ব্যর্থতার দায় অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এড়াতে পারেন না।

এতে আরও বলা হয়েছে, এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা ও সম্মান করে, তেমনি প্রতিটি ধর্ম ও ধর্মীয় ধারা-উপধারার মতপ্রকাশের স্বাধীনতা এবং নিজস্ব ঐতিহ্য, শিল্প-সংস্কৃতিচর্চার অধিকারকেও সম্মানের দৃষ্টিতে দেখে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নিঃসন্দেহে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তাই, এ ধরনের কোনো অভিযোগ যদি থাকে, অবশ্যই তার জন্য রয়েছে আইন ও বিচারব্যবস্থা। অর্থাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আইনহীনতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের প্রতি উক্ত ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের অতিদ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বাউলশিল্পীসহ ফকির ও অন্যান্য ধর্মীয় ধারা-উপধারার ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।