জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশালমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশালমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির মশালমিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশালমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশালমিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন।

এ সময় তাঁরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। তিনি বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মী এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তার বিচার চাইতে। আমরা এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের দেড় হাজার শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি।

জাহিদ আহসান বলেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে (সোমবার) রায় দেবেন।’

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে দাবি করে জাতীয় ছাত্রশক্তির সভাপতি বলেন, ‘যারা দিল্লি চলে গেছে, তারা আর কখনো ঢাকায় আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি (প্রবেশ) হবে না। দিল্লির রাজনীতির কবর গত ৫ আগস্ট হয়ে গেছে। দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না।