আওয়ামী লীগ পুরোনো কায়দায় নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

আওয়ামী লীগ পুরোনো কায়দায় ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একই কায়দায় নির্বাচন করে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকবে না। বাংলাদেশ একটা নতজানু রাষ্ট্রে পরিণত হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৪-১৫ বছরে আওয়ামী লীগের সরকার এ দেশের নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তারা এই দেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। একই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যদি তারা আবার ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না। সবচেয়ে বড় কথা, এই সরকার এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে একটা স্বাধীন ভূখণ্ডের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মুক্ত সমাজ নির্মাণের জন্য। যেখানে সব মানুষের অধিকারকে সংরক্ষণ করা যাবে, তাঁর কাজ করার সুযোগ সৃষ্টি করা যাবে, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যে সমান সুযোগ পাবে। কিন্তু দুর্ভাগ্য, আজকে স্বাধীনতার ৫১ বছর পরে বলতে হচ্ছে, এ দেশের মানুষ তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে একটি জবরদখলকারী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ১৯৭৫ সালেও একবার একই চেষ্টা করেছিল বাকশাল প্রতিষ্ঠা করে একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করবে। ১৪ বছর ধরে ঠিক একই কাজ করেছে। যার মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যেত, সংবিধানে সন্নিবেশিত সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে তারা আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থাকে নিয়ে এসেছে।

মির্জা ফখরুল বলেন, ‘এমন এমন আইন তৈরি করেছে, যেসব আইনে এখন কথা বললেও জেলে যেতে হবে। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন—এই আইনে যাঁরা লেখালেখি করেন, সাংবাদিকতা করেন, যাঁরা সত্য কথা উচ্চারণ করতে চান, তাঁদের এই আইনের দ্বারা যেকোনো সময় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে এবং দিনের পর দিন কারাগারে আটকে রাখা যাবে। আপনারা দেখেছেন, কীভাবে সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে, কীভাবে সম্পাদকদের হেনস্তা করা হচ্ছে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন-আল রশীদের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব উন নবী খান, বিএনপি নেতা ফরহাদ হালিম প্রমুখ।