
যত কথাই বলুক না কেন, আগামী নির্বাচনেও বিএনপিকে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এবার আগে থেকে প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে।’
আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উন্নয়ন সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি মহাসচিবের ঈদের পর সর্বশক্তি দিয়ে সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল সাহেবরা মাঝেমধ্যেই এক দফার আন্দোলন ঘোষণা দেন। ওনারা ২০১৩ সালে, আবার ২০১৮ সালেও এক দফা আন্দোলন করেছিল। কিছুদিন আগেও বলেছিল, এক দফা আন্দোলন। ফলে তাদের এক দফা আন্দোলন এখন দোতারার সুরের মতো শোনায়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ভিত জনগণের গভীরে প্রোথিত। আমাদেরকে ধাক্কা দিতে গেলে বিএনপিই ধাক্কা খেয়ে পড়ে যাবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানান।
‘অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে নাকি দু-এক দিন পর আবার আগের মতোই চলবে’—সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত অভিযান পরিচালনা করেছে। অন্যান্য জেলাতেও শুরু হয়েছে।
ইউটিউব চ্যানেল অবশ্যই যে কেউ চালাতে পারে, কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দিয়ে চাঁদাবাজি করা এবং সেখানে কোনো নিউজ করতে গেলে এত টাকা দিতে হবে, সেটি আবার চিঠি দিয়ে জানানো, রেট করে দেওয়া—এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সরকারের সম্প্রচার, অনলাইন গণমাধ্যম এবং কেব্ল নেটওয়ার্ক অপারেটিং নিয়ে নীতিমালা লঙ্ঘন করে তো কেউ কিছু করতে পারে না। যারা নীতিমালা লঙ্ঘন করছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা চিঠি দিয়েছি, সারা দেশেই এই অভিযান চলবে।’