ইশরাক হোসেন
ইশরাক হোসেন

ইশরাককে সভাপতি করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অঙ্গসংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের’ ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই কমিটিতে ইশরাক হোসেনকে সভাপতি এবং কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে আরও গতিশীল করতে আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। এ ছাড়া কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক শামীম।

কমিটির সাংগঠনিক সম্পাদক পদে এ বি এম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আসাদ পারভেজ এবং প্রচার সম্পাদক হিসেবে দিদারুল আলম দিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে ২০ জন সহসভাপতি ও ১৩ জন সহসাধারণ সম্পাদক রয়েছেন। বাকিদের বিভিন্ন সম্পাদকীয় পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, নতুন এই কমিটি গঠনের মাধ্যমে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কার্যক্রম জেলা ও তৃণমূল পর্যায়ে আরও জোরালো হবে।