ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে আজ বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের বিয়ে হয়
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে আজ বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের বিয়ে হয়

বিয়ে করলেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

বিয়ে করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান (৬২)। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে আজ বৃহস্পতিবার রাতে তিনি বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। সে ঘরে তাঁর এক ছেলে ও মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়েছে।

আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল প্রথম আলোকে বলেন, তাঁরা সাত ভাই পাঁচ বোন। আমাতুর রহমান বোনদের মধ্যে সবার বড়।

অন্যদিকে আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পাঁচ সপ্তাহের মাথায় তিনি বিয়ে করলেন। তাঁদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

সম্প্রতি ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করেন, যখন তাঁর প্রথম স্ত্রী সন্তান প্রসবকালীন অবস্থায় ছিলেন। এ নিয়ে আলোচনার মধ্যেই হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বিয়ে করলেন।

সাজিদুর রহমান বিশিষ্ট আলেম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।