
অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মধুবাগ মাঠে বৃহস্পতিবার বিকেলে এই পথসভার আয়োজন করা হয়।
পথসভায় হাতিরঝিল থানা ও জেলা কমিটির নেতা মোস্তান শেরের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান, জেলা কমিটির সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় নেতা লাকী আক্তার, জেলা কমিটির সম্পাদক মোতালেব হোসেন ও শ্যামল বিশ্বাস।
পথসভায় সিপিবির নেতারা বলেন, দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্যচুক্তি বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতি হুমকির মুখে পড়বে। বাংলাদেশ আমেরিকা থেকে অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হবে, দেশীয় পণ্য সুরক্ষা প্রদানে বাধাগ্রস্ত হবে। দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে। বিভিন্ন দেশে পণ্য আমদানি–রপ্তানির ক্ষেত্রে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
পথসভায় তাঁরা আরও বলেন, বাংলাদেশের বাণিজ্যনীতি ও অর্থনীতি পরিচালিত হতে হবে জনগণের স্বার্থ সংরক্ষণ করে এবং জনগণের চাহিদা অনুযায়ী। আমেরিকার স্বার্থ বিবেচনা করে কখনো বাণিজ্যনীতি পরিচালিত হতে পারে না।
যাঁরা দেশের স্বার্থবিরোধী এই চুক্তির সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান সিপিবি নেতারা। সমাবেশে জানানো হয়, অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবিতে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখা আরও কয়েকটি স্থানে পথসভা এবং স্বাক্ষর সংগ্রহ করবে। আগামী মাসে এই চুক্তি বাতিলের দাবিতে জেলা কমিটির উদ্যোগে সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়।