জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন ওই দিন বেলা দুইটায় এই বৈঠক আহ্বান করেছেন।

আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমদের সই করা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাঁদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদ অধিবেশন চলমান থাকার বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা আছে, সংসদ অধিবেশনের বাইরে অন্য কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোটের দিন ঠিক করবে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিনে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হবে। এ বৈঠকটি আহ্বান করেন সিইসি। ওই বৈঠকে সভাপতিত্বও করবেন তিনি।

এখন সংসদের অধিবেশন চলমান নেই। গত ১৫ জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ২৭ আগস্ট থেকে বসছে তৃতীয় অধিবেশন। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন হবে ২০ আগস্ট। তাই ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট সংসদের বৈঠক ডাকা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ক্ষমতাসীন দল বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। সাধারণত এ নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেয় না। ফলে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারি দলের প্রার্থীর জয় নিশ্চিত। তবে এবার বিরোধী দল প্রার্থী দিচ্ছে। ইতিমধ্যে তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে। শেষ পর্যন্ত এ পদে একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।