
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় ডাকসু। একই সঙ্গে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
ডাকসু বলেছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ কারণে বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, শহীদ হাদির স্ত্রীসহ সাধারণ মানুষেরা গতকাল বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিলেন। তাঁদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারকে দ্রুত ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের ‘যৌক্তিক দাবিগুলো’ মেনে নেওয়ার আহ্বান জানায় ডাকসু। বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নৃশংস হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে হবে।
একই সঙ্গে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ডাকসু।
এর আগে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার এবং লাঠিপেটা করতে দেখা গেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।