
‘যারা সংসদ মানে না, আইন মানে না, গণতন্ত্র মানে না, তাদের সঙ্গে কোনো আপস নেই’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন হবে এ বছরের শেষের দিকে, এই নির্বাচনে যারা আসবে ভালো, কাউকে আমরা দাওয়াত দিয়ে আনব না। এই দায়িত্ব আওয়ামী লীগ নেয়নি। যারা আসবে তাদের নিয়ে নির্বাচন হবে, সংবিধান মোতাবেক নির্বাচন হবে, সময়মতো নির্বাচন হবে। বিএনপি নির্বাচন বানচাল করার জন্য উল্টো পথে কোনো কাজকর্ম করলে ব্যবস্থা নেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।
আজ মঙ্গলবার ভাসানটেক সরকারি কলেজ মাঠে (বিআরপি–সংলগ্ন) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুবলীগের উদ্যোগে ঈদের উপহার বিতরণ কার্যক্রমে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস্ বলেন, সম্প্রতি আগুনের ঘটনা ব্যথিত করেছে এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনা নাশকতার ষড়যন্ত্র কি না, সেটা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানান তিনি।
যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার পর খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। এখন বিএনপি বলছে, আওয়ামী লীগ নিজেরাই নাকি আগুন লাগিয়েছে। জনগণ অনুমান করে যে বিএনপিই আগুনের জন্য দায়ী। কারণ, তাদের শরিক জামায়াত আগুন দেওয়ার প্রবর্তক। তারা ১৯৭১ সালে মানুষের ঘরবাড়িতে আগুন দিয়েছে। ২০১৪ সালেও এই জামায়াতকে নিয়ে বিএনপি ‘অগ্নিসন্ত্রাস’ করেছে। সুতরাং তাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান। তিনি বলেন, ২০০১-০৬ সালের বিএনপি আমলের সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। ঈদের পর এলাকাভিত্তিক বিএনপির তালিকাভুক্ত সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে যুবলীগের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন এনামুল হক খান, জাকির হোসেন, ইসমাইল হোসেন, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।