যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধির ঢাকা সফরে বিএনপির আশার পূরণ হয়নি বলে মন্তব্য করে দলটিকে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। না হলে জনগণ মানসম্মান রাখবে না।’
গতকাল বুধবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র আগে সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমেরিকা ও ইইউ প্রতিনিধিরা বলে দিয়েছেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। বিএনপি চেয়েছিল, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন। আমেরিকা-ইইউ বলেছে, দেশের সংবিধান মেনে নির্বাচন হবে।’
বিএনপির পদযাত্রা কর্মসূচির পাল্টা হিসেবে গতকাল দ্বিতীয় দিনের মতো শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। শোভাযাত্রার আগে সমাবেশের জন্য সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের কিছুটা সামনে ট্রাকের ওপরে মঞ্চ করা হয়। বেলা দুইটার পর থেকেই মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মূল দল এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অনেকে ব্যান্ড বাজিয়ে, ট্রাকে সাউন্ড বক্সে গান বাজিয়ে, একই ধরনের টি-শার্ট ও ক্যাপ পরে শোভাযাত্রায় অংশ নেন।
বিকেল ৪টা ৪৫ মিনিটে সমাবেশ মঞ্চে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন দেখে বিএনপির অন্তরে জ্বালা হচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেল তাদের সহ্য হয় না। বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। বিএনপির ঘুম নেই, অন্তর্জ্বালা বেড়ে যাচ্ছে। কীভাবে ঠেকাবে এত উন্নয়ন। নির্বাচনে এলে হেরে যাবে—এটি ভাবতেই তাদের মন খারাপ।
বিএনপির এক দফার আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ফাইনাল খেলা হবে ডিসেম্বরে। নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কারও নেই।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, অন্য কোনো দেশের আদেশ-নির্দেশে কাজ হবে না। সংবিধানে যেভাবে সরকার পরিবর্তন হওয়ার বিধান আছে, সেভাবেই হবে। সংবিধানের বাইরে একটুও এদিক-সেদিক হবে না।
বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা বিভিন্ন জায়গায় উসকানি দিচ্ছে। ঢাকায় বাঙলা কলেজের সামনে তারা উসকানিমূলক কথাবার্তা বলেছে। এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে। জনগণ তাদের দিকে ইটপাটকেল ছুড়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। পরিচালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।
সমাবেশ শেষে বিকেল সোয়া পাঁচটায় শুরু হয় শোভাযাত্রা। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে তিব্বত, নাবিস্কো হয়ে মহাখালী গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।
নেতা-কর্মীদের জমায়েতের কারণে বেলা আড়াইটার পর তেজগাঁও থেকে মহাখালী সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।