যুক্তরাষ্ট্র–ইউরোপে রপ্তানি ধরে রাখতে বাজেটে কী পদক্ষেপ, জানতে চায় এবি পার্টি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে রপ্তানি ধরে রাখতে আসন্ন বাজেটে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনার দাবি জানিয়েছে এবি পার্টি।

আজ রোববার বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট–পূর্ব এক সংবাদ সম্মেলনে দলটি এই দাবি জানায়।

এবি পার্টি বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার। নতুন ভিসা নীতির কারণে পশ্চিমে দেশের ভাবমূর্তি বড় ধরনের সংকটে পড়বে। এর প্রভাব রপ্তানি খাতেও পড়তে পারে। তখন ডলার–সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা আছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জিএসপি প্লাস সুবিধা পাবে না দেশ। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে দেশের প্রধান দুই রপ্তানি বাজারে (যুক্তরাষ্ট্র ও ইউরোপ) রপ্তানি ধরে রাখতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা থাকতে হবে।

সরকারের ভেতরে গড়ে ওঠা সিন্ডিকেটের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে উল্লেখ করে দলটি বলছে, বাজারে গিয়ে সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। বিপরীতে লাভবান হচ্ছে মুষ্টিমেয় কিছু লোক। নতুন অর্থবছরে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে।

এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আব্দুল ওহাব। দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সচিব ও এবি পার্টির আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন গবেষক জিয়া হাসান, ব্যবস্থাপনাবিষয়ক পরামর্শক আবুল কালাম আজাদ প্রমুখ।