জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করার আহ্বান বিরোধীদলীয় নেতার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকাল ৯টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এই আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা–আক্রমণের কারণে এ অঞ্চলে যে ভয়াবহ অবস্থার উদ্ভব ঘটেছে, তা ইতিমধ্যে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, গোটা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কার্যত এ যুদ্ধাবস্থার কারণে সারা বিশ্বের অর্থনীতি ও জ্বালানিপ্রবাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়।

জ্বালানি–সংকটকে কেন্দ্র করে দেশে ইতিমধ্যে জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানাসহ যাবতীয় বিষয় পূর্ণ রূপে কার্যকারিতায় আসবে। সে ক্ষেত্রে সংকট আরও মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ।

জ্বালানি–সংকট শুধু যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, এই সংকট কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সব কাজে প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেটের গতিপ্রকৃতিও ঝুঁকিতে পড়বে।

শফিকুর রহমানের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এ অবস্থায় আমরা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে, কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।’

শফিকুর রহমান আরও বলেন, ‘মনে রাখবেন, আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শত শত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।’