
সরকারের নির্দেশনায় দুটি দল ছাড়া কাউকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন (ইসি) বলে অভিযোগ তুলেছে নিবন্ধন না পাওয়া ১০ দলের নেতারা। তাঁরা বলছেন, রাজপথের আন্দোলন–সংগ্রামে পরিচিত ও স্বীকৃত ক্রিয়াশীল দলগুলোকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন (ইসি) অন্যায়, আত্মপ্রতারণা করেছে। নির্বাচন কমিশন–সংক্রান্ত সব আইনকানুনকে ভঙ্গ করেছে ইসি।
‘ফ্যাসিবাদী সরকারের প্রেসক্রিপশনে রাজপথের আন্দোলন–সংগ্রামে পরিচিত ও স্বীকৃত ক্রিয়াশীল দলসমূহকে বাদ দিয়ে অখ্যাত অপরিচিত দলকে নিবন্ধন প্রদানের প্রতিবাদ’ শিরোনামে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়া ১০টি দলের নেতারা।
নিবন্ধন চেয়ে আবেদন করা ৯৩টি দলের মধ্যে প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তার মধ্যে শেষ পর্যন্ত দুটি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নিবন্ধন না পেয়ে সংবাদ সম্মেলন করা দল ১০টি হলো নাগরিক ঐক্য, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), ডেমক্রেটিক পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)। ১০ দলের ব্যানারে সংবাদ সম্মেলন করা হলেও বাংলাদেশ সনাতন পার্টি এতে অংশ নেয়নি।
সংবাদ সম্মেলনে ১০ দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে অন্যায় ও অন্যায্য হিসেবে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘ঐক্যবদ্ধভাবে এবং যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন গড়ে তুলব। আমরা হয়তো শিগগিরই সকল দল এ নিয়ে বসব এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’
লিখিত বক্তব্য মাহমুদুর রহমান বলেন, ‘এই নির্বাচন কমিশনের বিন্দুমাত্র নিরপেক্ষতা নাই। সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্যপালনের জন্য গঠিত প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়। ভবিষ্যতে আরও বড় পুরস্কারের লোভে তাঁরা তস্য দালালের মতো ফাসিস্টদের স্বার্থে যেকোনো বা সব বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত থাকে।
এমন গণবিরোধী সরকারি কর্মকর্তারা দেশে জনপ্রতিনিধিত্বহীন সরকার টিকিয়ে রাখতে বেহায়া ও নির্লজ্জ আচরণ করেন।’
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে কমিশন।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন কমিশন এক বছর ধরে যাচাই–বাছাইয়ের নোটিশ দিয়ে, আবার কোথাও কোথাও আচমকা আমাদের দলগুলোর কেন্দ্রীয়, জেলা, উপজেলা অফিস পরিদর্শন করেছে। পরিদর্শনের নামে তাঁরা যেভাবে আমাদের তৃণমূলে অফিসের দলিল, সাইনবোর্ড, আমাদের দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে; তাতে মনে হয়েছে, তারা যেন রাজনৈতিক দল নয়, বরং আসামিদের তালিকা হালনাগাদ করছে।’
এই সংবাদ সম্মেলনের সমন্বয়ক এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। এই অনুষ্ঠানের সঞ্চালনায় তিনি বলেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতয়া ইসির কমিশনার ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘সরকারের কাছ থেকে ইসির কাছে নির্দেশনা ছিল যে দুটি দল ছাড়া কাউকে নিবন্ধন দেওয়া যাবে না। এই সুপারিশ সরকারের বিভিন্ন এজেন্সি দিয়ে গেছে। অনিবন্ধিত দলগুলোর প্রতি ইসি অন্যায় করেছে, অবিচার করেছে। এ ধরনের জুলুম সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’
২৬ জুলাইয়ের আগে ইসি ঘেরাও কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি।
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কোনো অফিস নাই। সব এজেন্সির কাজ। বিএনপির মধ্যে ভাঙন তৈরির জন্য সরকার এই নামে একটি দলের নিবন্ধন দিয়েছে।
এ সময় আরও বক্তব্য দেন বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বিপিপি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণ অধিকার পরিষদের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল, ডেমোক্রেটিক পার্টির সভাপতি আশিক বিল্লাহ।