
বিএনপির সর্বশেষ কর্মসূচি ছিল রাজধানী ঢাকাসহ মহানগরগুলোর থানা ও উপজেলা পর্যায়ে দুই ঘণ্টার ‘অবস্থান’। ৮ এপ্রিলের এ কর্মসূচির পর সোমবার সারা দেশে বিভাগভিত্তিক ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন, অবস্থান ও প্রচারপত্র বিতরণের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে বিএনপি।
সোমবার রাজশাহী ও সিলেট বিভাগের সব ইউনিয়নে মানববন্ধন, অবস্থান ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিভাগভিত্তিক ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছি, হয় অবস্থান কর্মসূচি হবে, না হয় মানববন্ধন হবে। অর্থাৎ, পরিস্থিতি অনুযায়ী যেখানে যেটা সম্ভব, সেভাবে সে কর্মসূচি পালন করতে হবে। তবে অবস্থান কর্মসূচি হোক, বা মানববন্ধন হোক; প্রচারপত্র বিতরণ যেকোনো পরিস্থিতিতে করতে হবে।’
বিএনপি জানিয়েছে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল, ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর এবং ১৬ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়নগুলোয় মানববন্ধন, অবস্থান ও প্রচারপত্র বিতরণ হবে। এর আগে সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচি করে বিএনপি। এরপর মহানগরের সব থানা এবং সব উপজেলায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের বাধায় অনেক জায়গায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়েছে। রাজধানীর সাত জায়গায় বাধা ও হামলার মুখে সাম্প্রতিক কর্মসূচি হতে পারেনি। আবার কোথাও কোথাও দুই ঘণ্টার কর্মসূচি এক ঘণ্টা বা এরও আগে শেষ করতে হয়েছে। ওই কর্মসূচি থেকে ঢাকার ৩৪ জনসহ বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ বলেন, অবস্থান কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, দেশে কোনো রাজনৈতিক পরিবেশ নেই। সরকারি দল ছাড়া আর কারও রাজনীতি করার অধিকার নেই।