
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
দলের মনোনয়ন বোর্ডের সভাপতি তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন।
দলীয় সূত্র জানিয়েছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক অবদানকে প্রাধান্য দিয়ে প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
দ্বিতীয় দিনে আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছে। এর আগে প্রথম দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
সাক্ষাৎকার শেষে বেরিয়ে টাঙ্গাইল জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস বলেন, ‘দল যেন যোগ্যতা, ত্যাগ ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অবদান বিবেচনায় নিয়ে মনোনয়ন দেয়—এটাই প্রত্যাশা।’ একই সুর শোনা গেছে অন্যদের কথাতেও।
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি বিভাগের প্রার্থীদের একসঙ্গে ডেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। টাঙ্গাইল বিভাগ দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়, পরে ঢাকা বিভাগের প্রার্থীদের ডাকা হয়।
মনোনয়নপ্রত্যাশী লাবনী সিদ্দিকী বলেন, ‘রাজপথে সক্রিয়তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংসদে যুক্তিতর্কে কথা বলার সক্ষমতাও বিবেচনায় রাখা উচিত।’
দলীয় সূত্রগুলো বলছে, শুধু সাংগঠনিক পদধারী নয়, বিগত সময়ে আন্দোলনে সক্রিয় ও ত্যাগ স্বীকার করেছেন—এমন নারীদেরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এতে দলীয় অভ্যন্তরে একটি ভারসাম্য আনার চেষ্টা রয়েছে।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন।
গুলশান কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তাঁদের সমর্থকেরাও ভিড় করেছেন। দিন শেষে কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন—তা নিয়ে নানা আলোচনা-জল্পনা চলছে।