সরকারের প্রতি দুষ্ট লোকের বিদ্বেষ থাকতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

কোনো কোনো দুষ্ট লোকের বাংলাদেশের সরকারের প্রতি বিদ্বেষ থাকতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘সরকারের প্রতি বিদ্বেষ থাকার কারণে তারা (দুষ্ট লোকেরা) দেশ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আমি তাদের বন্ধুদের বলব, সাবধান। দেশ ধ্বংস করলে আপনারও ক্ষতি হবে।’

আজ রোববার জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

জনগণের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুচক্রী মহল, যারা দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, তাদের আপনারা (জনগণ) রুখে দাঁড়াবেন। আপনারা বারবার প্রমাণ করেছেন, কোনো বিদেশি শক্তির কাছে আপনারা পরাজিত হননি।’

গত সাড়ে ১৪ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা ধরে রাখতে রাষ্ট্রীয় ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অর্জন ভেস্তে যাবে। দেশে অরাজকতার সৃষ্টি হবে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারের আয় এবং আয়করদাতা বাড়ানোর জন্য দুটি প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর প্রস্তাব হলো, যেসব বাংলাদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, তাঁরা সবাই আয়কর রিটার্ন দাখিল করবেন। আর ২৫ হাজার টাকার বেশি লেনদেন হলে তা যেন ব্যাংক বা চেকের মাধ্যমে করা হয়। তাহলে সরকারের হিসাব থাকে।