গতানুগতিক উচ্চাভিলাষী লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট: এবি পার্টি

এবি পার্টি
 ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশে দ্রব্যমূল্যের অসহনীয় লাগামহীন ঊর্ধ্বগতি ও যন্ত্রণাদায়ক লোডলোডশেডিংয়ের পরিপ্রেক্ষিতে বাজেটের প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। এবারের বাজেট বরাবরের মতোই গতানুগতিক, উচ্চাভিলাষী ও লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট বলে মনে করেন এবি পার্টির নেতারা।

আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রতিক্রিয়া জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টি এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত বাজেটের ওপর দলীয় বক্তব্য তুলে ধরার জন্য ও জনজীবনকে দুর্বিষহ পর্যায়ে পৌঁছানোর প্রতিবাদে আগামীকাল ২ জুন বিকেল চারটায় বিজয় নগরের দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি।।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতারা আরও বলেন, সরকারের ভেতরে গড়ে ওঠা সিন্ডিকেটের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে বাজারে গিয়ে সাধারণ মানুষের হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মতো অবস্থা। বাজেটে এসব নিয়ে কোনো নির্দেশনা নেই। ডিজেল ও অকটেনের দাম কমানোর সুযোগ থাকলেও তার কোনো ইঙ্গিত বাজেটে নেই। বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। লোডশেডিং বন্ধ বা বিদ্যুৎ চুরি বন্ধের কোনো পরিকল্পনার কথা নেই।