
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র জোটের বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন শামীমা আক্তার, মোসাম্মৎ মেহেরুন নেসা ও মাহবুবা রহমান।
আজ মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, বিকেল ৪টা পর্যন্ত কমিশনের কাছে বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র জমা হয়েছে। স্বতন্ত্র জোট থেকে মনোনয়নপত্র জমা দেন সুলতানা জেসমিন।
স্বতন্ত্র জোটের এই প্রার্থী জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন ২০০৯ সাল থেকেই। সর্বশেষ ২০২২ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন।
যে তিনজন বাড়তি মনোনয়নপত্র জমা দিয়েছেন, সাংবাদিকেরা তাঁদের পরিচয় জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘তিনজন কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। তাঁরা নিজেদের মতো করে নিজেরা জমা দিয়েছেন। এটা আমরা যখন বাছাই করব, তখন আপনাদের সাথে শেয়ার করব।’
রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রমের পরবর্তী সময়সূচি উল্লেখ করে জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। এর মধ্যে ২২ এপ্রিল বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।
বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে কমিশনের নিকট আপিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল নিষ্পত্তি করবেন নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
আগামীকাল বুধবার প্রথম দিনে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের আর পরদিন বিএনপি ও জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ চার পোলিং অফিসার।