সিটি নির্বাচন

বিএনপি ভোটে যাবে না, চিন্তা ‘উকিল মডেল’ নিয়ে

বিএনপির নেতৃত্ব আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থানেই অটল। দোদুল্যমানতা দলের মাঠপর্যায়ে।

আগামী মে ও জুন মাসে দেশের পাঁচটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে যে নির্বাচন হবে, তাতে অংশ নেবে না বিএনপি। দলটির নেতারা বলছেন, তাঁরা এই সরকারের অধীন আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে স্থানীয় সরকার এবং সংসদের উপনির্বাচনগুলো বর্জন করে আসছেন।

এখন জাতীয় নির্বাচনের আগমুহূর্তে পাঁচ সিটির নির্বাচনে গেলে দলীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের উকিল আবদুস সাত্তারের মতো দলছুট কেউ প্রার্থী হয়ে বসেন কি না, সেই শঙ্কাও আছে নীতিনির্ধারকদের মধ্যে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে। এরপর ১২ জুন হবে খুলনা ও বরিশালে। ২১ জুন হবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন করব না। এই সিদ্ধান্তই এখনো আছে। সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, তাঁরা এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন সংসদ নির্বাচন অনুষ্ঠানে দাবিতে অনেকগুলো দল ও জোট নিয়ে আন্দোলন করছেন।

এত দিন নির্বাচন বর্জন করে এসে এখন হঠাৎ করে জাতীয় নির্বাচনের ছয় মাস আগে পাঁচ সিটির নির্বাচনে অংশ নিলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এই বার্তা যাবে যে বিএনপি শেষ পর্যন্ত এই সরকারের অধীন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে। তাই দলের নীতিনির্ধারকেরা এখনো সিটি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তেই রয়েছেন।

‘নির্বাচন হলেই তো যাওয়ার প্রশ্ন আসে। যেখানে নির্বাচনই হয় না, সেখানে জেনেশুনে যাওয়ার কী আছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই সরকারের অধীন নির্বাচনে যাওয়া অর্থহীন। নির্বাচনের নামে এখানে (দেশে) যা হয়, এটা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য

উকিল সাত্তার মডেল নিয়ে শঙ্কা

যদিও ঢাকা, চট্টগ্রামের পর একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন হাতছাড়া করা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে একধরনের দোদুল্যমানতা রয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে উকিল আবদুস সাত্তার দলছুট প্রার্থী হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেয়ে জয়ী হন। উকিল সাত্তারের মতো কেউ প্রার্থী হয়ে বসেন কি না, সেই শঙ্কাও আছে নীতিনির্ধারকদের মধ্যে।

মাঠপর্যায়ের নেতাদের অনেকে বলছেন, বর্তমান প্রেক্ষাপটে পাঁচ সিটি করপোরেশনের এ নির্বাচন দেশের পাঁচটি অঞ্চলের শহুরে মানুষের মনোভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ সরকারের ওপর বিক্ষুব্ধ। তারা ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেখতে চায় না।

এ কারণে এ নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে আগ্রহ আছে। তা ছাড়া মানুষের মধ্যে এ আলোচনাও আছে যে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা কেমন হয়, এটাও দেখার বিষয় আছে। তাই জাতীয় নির্বাচনের প্রাক্কালে সরকারের ভোট চুরি বা ভোট ডাকাতি হলে, তারও সর্বশেষ পরীক্ষাটা হওয়া দরকার।

‘সিটি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে, কর্মীদের মধ্যে আগ্রহ আছে। আওয়ামী লীগ যাতে ফাঁকা মাঠে গোল দিতে না পারে, সেটা চায় তারা। কিন্তু বিএনপি তো নির্বাচনে যাবে না। দল না যাওয়ার সিদ্ধান্ত নিলে আমরা তো নির্বাচনে যেতে পারি না।’
নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন হলেই তো যাওয়ার প্রশ্ন আসে। যেখানে নির্বাচনই হয় না, সেখানে জেনেশুনে যাওয়ার কী আছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই সরকারের অধীন নির্বাচনে যাওয়া অর্থহীন। নির্বাচনের নামে এখানে (দেশে) যা হয়, এটা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

দলছুট কারও প্রার্থী হওয়ার বিষয়ে আমীর খসরু বলেন, ‘উকিল সাত্তার মডেল, উচ্ছিষ্ট মডেলরা তো সব সময়ই আছে। এটা নিয়ে আমরা মোটেও ভাবি না। কারণ, উচ্ছিষ্টরা উচ্ছিষ্টই থেকে যাবে।’

নজর দলীয় সিদ্ধান্তের দিকে

খুলনা সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে, কর্মীদের মধ্যে আগ্রহ আছে। আওয়ামী লীগ যাতে ফাঁকা মাঠে গোল দিতে না পারে, সেটা চায় তারা। কিন্তু বিএনপি তো নির্বাচনে যাবে না। দল না যাওয়ার সিদ্ধান্ত নিলে আমরা তো নির্বাচনে যেতে পারি না।’

পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির নেতা। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তিনি নির্বাচন করতে আগ্রহী। দলীয় সূত্রগুলো বলছে, আরিফুল হক চৌধুরী গত বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

নির্বাচনের বিষয়ে সরাসরি কথা বলতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। কথা বলে জানা গেছে, খুলনার নজরুল ইসলামেরও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব। তিনি আন্দোলন ও নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পক্ষে।

লন্ডনে যাওয়ার আগে আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে আপাতত তিনি কোনো মন্তব্য করতে আগ্রহী নন। তবে তিনি এ বিষয়ে কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, সময়ই সব প্রশ্নের জবাব দেবে।

আরিফুল হক চৌধুরীর প্রার্থিতার বিষয়ে দলের ভিন্ন কোনো অবস্থান নেই বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘(নির্বাচন) করলে সে তার নিজ দায়িত্বে করবে। এতে আমাদের তো কিছু করার নেই। পার্টি থেকে তো আমরা কেউ কোনো কথা বলিনি।’

নির্বাচনে ‘না’, এখনো এই অবস্থানে বিএনপি নেতৃত্ব

২০২১ সালের মার্চ থেকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এরপর গত বছর নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটির নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার ও কুমিল্লার মনিরুল হক (সাক্কু)। এবারও পাঁচ সিটিতে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে বহিষ্কার করা হতে পারে বলে নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের তো সিদ্ধান্ত আছে যে আমরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন করব না। এই সিদ্ধান্তই এখনো আছে, এর কোনো পরিবর্তন হয়নি।’

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল নাকচ করে দিয়ে বলেন, ‘প্রশ্নই ওঠে না। এখন এই মুহূর্তে আমরা নির্বাচনের কথা বলব কী করে?’

যদিও বড় পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মাঠপর্যায়ের নেতা–কর্মীদের মধ্যে দোদুল্যমানতা এবং নানা মত আছে, কিন্তু বিএনপির নেতৃত্ব এখনো আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থানেই অটল রয়েছেন।