বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে সানজিদা ইসলাম ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। মিরপুর, ঢাকা, ২০২৬
বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে সানজিদা ইসলাম ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। মিরপুর, ঢাকা, ২০২৬

ঢাকা-১৪ আসন

নারী-পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: সানজিদা ইসলাম

মিরপুর, শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এই আসনের প্রার্থী ও তাঁদের নেতা-কর্মীরা। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানজিদা ইসলাম (তুলি)। নির্বাচিত হলে নারী-পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি।

সানজিদা ইসলাম গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে তোলা ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি নিজে গুমের শিকার হয়েছিলেন। রাজধানীর এ আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন প্রার্থী।

আজ রোববার দুপুরের পর গণসংযোগ শুরু করেন সানজিদা ইসলাম। বিএনপির নির্বাচনী স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ এবং নিজের ‘সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ঢাকা-১৪’ স্লোগানে ভোটারদের কাছে যাচ্ছেন এই প্রার্থী। তাঁর সঙ্গে রয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে সানজিদা ইসলাম ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। মিরপুরের উত্তর বিশিল, শাহ আলীর তুরাগ সিটি, কুসুমবাগ ও শাইনপুকুর এলাকায় গণসংযোগ করেন বিএনপির এই প্রার্থী। প্রচার শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে সানজিদা ইসলাম বলেন, ‘প্রত্যেকটা এলাকায় যখন আমরা যাই, জনগণের সঙ্গে যখন আমাদের কথা হয়, আমরা তাঁদের কাছ থেকে তাঁদের দুর্ভোগের কথাগুলো শুনি।’

নির্বাচনে জয়ের আশাবাদ জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার কাজ হবে জননিরাপত্তা নিশ্চিতে কাজ করা। তিনি বলেন, ‘নারী-পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি (অগ্রাধিকার) হবে, যাতে তারা কর্মস্থলসহ সবখানে নিরাপদে চলাচল করতে পারে।’