এই ১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবে? মির্জা আব্বাস

বুধবার দুপুরে বঙ্গবাজার এলাকা পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা একেবারেই অপ্রতুল। কারণ, এই ১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবেন?

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবাজার এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান। এ সময় তাঁর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি থেকে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা একেবারেই অপ্রতুল। কারণ, এই ১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবেন? একটা দোকানে কর্মচারী আছেন, মালিক আছেন, মালিকের পরিবার আছে। আমি মনে করি, এই ক্ষতিপূরণ বেশি করা উচিত, অর্থাৎ এখানে যতজন ও কর্মচারী ছিলেন, সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া উচিত।’

পুড়ে যাওয়া কাপড়ের স্তূপ। এর মধ্যে যেগুলো একটু ভালো, সেগুলো খুঁজে নিচ্ছেন অনেকেই

মির্জা আব্বাস ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানান এবং তাঁর দল বিএনপি যতটুকু সম্ভব সহায়তা দিয়ে পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

ইশরাক হোসেন বলেন, জনগণের জন্য সরকার। জনগণের ট্যাক্সেই রাষ্ট্র পরিচালিত হয়। আর এই জনগণের বিপদে পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব। সামনে ঈদ। ঈদ সামনে রেখে সরকার যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে, সেটি ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিদ্রূপ করার শামিল।

আদর্শ, মহানগরী, গুলিস্তান ও বঙ্গ হকার্স—এই চার মার্কেট নিয়ে ছিল বঙ্গবাজার। গতকাল মঙ্গলবারের আগুনে ঢাকার এই জনপ্রিয় কাপড়ের মার্কেট পুরোপুরি পুড়ে মাটিতে মিশে গেছে। সারি সারি দোকানের পরিবর্তে এখন সেখানে পড়ে আছে কয়লা। সঙ্গে আছে পোড়া কাঠ, টিন ও লোহালক্কড়।