সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির নেতা সাইফুল হক। ঢাকা, ৫ মে
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির নেতা সাইফুল হক। ঢাকা, ৫ মে

‘কর্তৃত্ববাদী দুঃশাসন’ সব দলকে এককাতারে দাঁড় করিয়েছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

‘কর্তৃত্ববাদী দুঃশাসন সব বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে এককাতারে দাঁড় করিয়ে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এই কৃতিত্ব অনেকটাই সরকার ও সরকারি দলের। এখানে অন্য কোনো ম্যাজিক নেই।

আজ রোববার সকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইফুল হক এ কথা বলেন।

‘এ আন্দোলনে অতি বাম কারা আছে, তা আমাদের জানা নেই’ বলে দাবি করেন সাইফুল হক। তিনি বলেন, সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বাম গণতান্ত্রিক প্রগতিশীল ঘরানার প্রায় সব দল স্বাধীনভাবে নিজেদের মতো করে দল ও জোটগতভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে।
সাইফুল হক বলেন, আওয়ামী লীগের পরিবর্তে কারা দেশ চালাবে, তা দেশের জনগণ নির্ধারণ করবে। একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার ও নেতৃত্ব নির্বাচন করবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর বাইরে আর কিছু করার সুযোগ নেই। কিন্তু কেউ যদি মনে করেন, তাঁরা ছাড়া আর কেউ দেশ চালাতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়।

নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সাইফুল হক। তিনি বলেন, ১৫ বছর টানা ক্ষমতায় থাকার পর এখন একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাই করা দরকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম, শহীদুজ্জামান প্রমুখ।