
ঐক্য ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে কমরেড মণি সিংহ–ফরহাদ ট্রাস্টের শহীদ মুনীর আজাদ হলে এ স্মরণসভা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্মরণসভায় বক্তারা বাংলাদেশকে ‘বিপৎসংকুল ভয়াবহ অবস্থা’ থেকে উত্তরণের জন্য ন্যাপসহ প্রগতিশীল রাজনৈতিক শক্তির কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তাঁরা। বক্তারা বলেন, তাঁরা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, বিক্রি নয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন এস এম এ সবুর। স্বাগত বক্তব্য দেন আসাদুল্লাহ তারেক। শোক প্রস্তাব পাঠ করেন হালিম বিপ্লব। সঞ্চালনা করেন নাছির উদ্দিন বাদল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমেদ বকুল, অর্থনীতিবিদ এম এম আকাশ, শিক্ষাবিদ রণজিৎ কুমার সাহা, কমরেড মণি সিংহ–ফরহাদ ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, ন্যাপ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।