
বিএনপি কখনো এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা ৫২ বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনো পরাধীনতার শৃঙ্খলে বন্দী!
আজ বৃহস্পতিবার সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।
করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার যখন সংকট মোকাবিলা করে জনগণের ভাগ্যোন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তখনই সংকটকে পুঁজি করে কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। একটি পত্রিকার সুরে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিশুকে ব্যবহারের (চাইল্ড এক্সপ্লয়টেশন) মতো ঘৃণ্য কাজকে নির্লজ্জ সমর্থন দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যা আওয়ামী লীগের প্রতি অন্ধ বিদ্বেষ ও আক্রোশের বহিঃপ্রকাশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বিষয়ে আরও বলেন, সারা পৃথিবীতে আশঙ্কাজনক হারে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের জনগণও কিছুটা কষ্টে আছে। মানুষের এই কষ্ট লাঘবের জন্য সরকার বিভিন্ন ধরনের জনবান্ধব ও খাদ্যবান্ধব কর্মসূচি নিয়েছে।
আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বসভায় বাংলাদেশ আজ বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণেই দেশে কেউ আর না খেয়ে দিনাতিপাত করে না।
বিএনপির সময় দেশের অবস্থা কী ছিল, সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল কী ভুলে গেছেন? তাদের শাসনামলে উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত মানুষ না খেতে পেয়ে কীভাবে ধুঁকে ধুঁকে মারা গেছে! বঙ্গবন্ধুকন্যার বহুমাত্রিক পদক্ষেপের ফলে দুর্বিষহ ক্ষুধার সেই অভিশপ্ত অন্ধকার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। মির্জা ফখরুলেরা তাদের সময়ের দুঃসহ ইতিহাস আড়াল করার জন্যই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
বাঙালির সংকটে ও দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে থেকেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো খাদ্যঘাটতি নেই। এ কথা আজ প্রমাণিত যে আওয়ামী লীগের নেতৃত্বেই দেশে মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই এ দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে।