
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই দলকে নিবন্ধন দিয়েছে ইসি। গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। এই দলের প্রতীক ‘আপেল’। দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর গুলশানে।
কোনো দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে ইসিতে নিবন্ধিত হতে হয়। নতুন এই দলসহ এখন ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াচ্ছে ৪১। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো নতুন দলকে নিজেরা সরাসরি নিবন্ধন দেয়নি। যে দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছে, এর মধ্যে ১২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাই করা হচ্ছে। তবে উচ্চ আদালতের নির্দেশে এই কমিশনের আমলে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর একটি ইনসানিয়াত বিপ্লব। এর আগে উচ্চ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয় ইসি। নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে এই দলগুলো উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল।