
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দেশে ফিরে এসেছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
১০ নভেম্বর দেশব্যাপী ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ‘দেশে ফিরেছে শেখ ইনান! মহাসড়ক অবরোধ ছাত্রলীগের’ এবং ‘শেখ ইনানের নেতৃত্বে সড়ক অবরোধ ছাত্রলীগের’ এমন শিরোনাম ও ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়।
এ ধরনের দাবিতে ভিডিওটি ৩০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটি পেজেই ভিডিওটি ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে প্রায় দুই লাখ প্রতিক্রিয়া পড়েছে, শেয়ার হয়েছে দুই হাজারের বেশি এবং মন্তব্য করেছেন প্রায় চার হাজার অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারী।
লিংক: এখানে
শেখ ইনানের দেশের ফেরা ও তাঁর নেতৃত্বে ছাত্রলীগের সড়ক অবরোধের দাবিতে ছড়ানো ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা যায়, এটি ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ধারণ করা নয়। ২০২৩ সালের ডিসেম্বরে ছাত্রলীগ নেতা শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান রবিনের ফেসবুক পেজে শেখ ইনানের দেশে ফেরার দাবিতে ছড়ানো ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি হুবহু পাওয়া যায়।
ভিডিওটি ২০২৩ সালের ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল। এর ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’ তবে ক্যাপশনে শেখ ইনানকে বরণ করার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো স্থানের নাম পাওয়া যায়নি।
লিংক: এখানে
একই নামের একটি ফেসবুক প্রোফাইলেও ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে শেখ ইনানের হবিগঞ্জে আসা, সেখান থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়া এবং তাঁর আসার আগে অপেক্ষা করার বিষয়ে একাধিক পোস্ট ও ছবি পাওয়া যায়।
লিংক: এখানে
অধিকতর যাচাইয়ে সজিব খান ও সৈকত আহমেদ নামের দুটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার কিছু ছবি পাওয়া যায়। ক্যাপশনে বলা হয়, ওই সময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেখ ওয়ালি আসিফ ইনানের ফেসবুক পেজে তাঁর দেশে ফেরার বিষয়ে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ ওয়ালি আসিফ ইনান। এর পর থেকে তাঁর দেশে ফেরার বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি।