শোভাযাত্রায় কাদের

বিএনপি আশার মালা গেঁথেছিল, কিন্তু তা পূরণ হচ্ছে না

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র আগে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বক্তব্য দেন
ছবি: খালেদ সরকার

যুক্তরাষ্ট্র ও ইইউর ঢাকা সফরে বিএনপির আশার পূরণ হয়নি, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে আশার মালা গেঁথেছিলেন বিএনপি নেতারা। কিন্তু তাঁরা যা শুনতে চেয়েছিলেন, আমেরিকা ও ইইউ প্রতিনিধিরা তা বলেননি। ফলে মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের গলার পানি শুকিয়ে গেছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র আগে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে।

বিএনপির পদযাত্রা কর্মসূচির পাল্টা হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো শোভাযাত্রা আয়োজন করে আওয়ামী লীগ। শোভাযাত্রার আগে সমাবেশের জন্য সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের কিছুটা সামনে ট্রাকের ওপরে মঞ্চ করা হয়। বেলা দুইটার পর থেকেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মূল দল এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

ব্যান্ড বাজিয়ে, ট্রাকে সাউন্ড বক্সে গান বাজিয়ে নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নিতে আসেন। ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’, ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’—এ ধরনের স্লোগান ও নির্বাচনী গান বাজানো হয়। অনেকে একই ধরনের টি-শার্ট, ক্যাপ পরে শোভাযাত্রায় অংশ নেন।

বিকেল ৪টা ৪৫ মিনিটে সমাবেশ মঞ্চে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি নেতারা আশার মালা গেঁথেছিলেন। কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইইউ প্রতিনিধিরা। চোখেমুখে আনন্দের ধারা। ইইউ এল, আমেরিকা এসে চলে গেল। বিএনপি তাদের মুখে যা শুনতে চেয়েছিল, তা পেল না। তাদের আশা পূরণ হয়নি। এখন বিএনপি নেতাদের চোখ, মুখ, গলার পানি শুকিয়ে গেছে।’

বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল ও জোট বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে। এ প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকা ও ইইউ প্রতিনিধিরা বলে দিয়েছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। বিএনপি চেয়েছিল, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন। আমেরিকা-ইইউ বলেছে, দেশের সংবিধান মেনে নির্বাচন হবে।’

‘মাথা গরম’ না করার নির্দেশ

দলের নেতা-কর্মীদের ‘মাথা গরম’ না করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়। আপনারা মাথা গরম করবেন না। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’

দেশের উন্নয়ন দেখে বিএনপির অন্তরে জ্বালা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেল তাদের সহ্য হয় না। বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। বিএনপির ঘুম নেই, অন্তর্জ্বালা বেড়ে যাচ্ছে। কীভাবে ঠেকাবে এত উন্নয়ন। নির্বাচনে আসলে হেরে যাবে, এটি ভাবতেই তাদের মন খারাপ।’

ফাইনাল খেলা ডিসেম্বরে

আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। ফাইনাল খেলা হবে ডিসেম্বরে। নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কারও নেই।

বিএনপি নেতাদের নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। না হলে জনগণ মানসম্মান রাখবে না। গতবার পেয়েছিলেন সাতটি আসন। এবার কী হবে? বিএনপির তো কোনো ভোট নেই। তারা তো জনগণকে কিছু দেয়নি। কোন মুখে তারা ভোট চাইবে।’

বিএনপির এক দফার সমালোচনায় কাদের

১২ জুলাই বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল ও জোট বর্তমান সরকারের পদত্যাগে এক দফা ঘোষণা করেছে। এই এক দফার সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রথমে বলল ৫৪ দল, এরপর ৩৭ দল, এখন ৩৬ দল। আগে দিল ২৭ দফা, পরে ১০ দফা। এখন এক দফা। এই এক দফা ভুয়া। ৩৬ দল ভুয়া। বাংলাদেশের জনগণ বিএনপির এই ভুয়া রাজনীতি চায় না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। পরিচালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

সমাবেশ শেষে বিকেল সোয়া পাঁচটায় শুরু হয় শোভাযাত্রা। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে তিব্বত, নাবিস্কো হয়ে মহাখালী গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।

নেতা-কর্মীদের জমায়েতের কারণে বেলা আড়াইটার পর তেজগাঁও থেকে মহাখালী সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।