
২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রস্তাবিত বাজেট নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশী দেশসহ বিশ্ব অর্থনীতির কী অবস্থা! এই বাজেট হচ্ছে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাজেট এমনভাবে করা হয়েছে, যাতে মানুষের কষ্টটা লাঘব হবে। বেশ কিছু জিনিসের দাম কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।’
বাজেটকে ‘জনবান্ধব’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনবান্ধব এ জন্য বলেছি; কারণ, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে।’
আওয়ামী লীগের আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক প্রস্তাবিত বাজেটকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সহায়ক বলে মনে করেন। তিনি বলেন, এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময়োপযোগী বাজেট দিয়েছে।
ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ণ এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে।’
নিম্নবিত্ত মানুষ যাতে সমানতালে এগিয়ে যেতে পারে, সে দিকে লক্ষ রেখে বাজেট ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ব্যবসায়ীরা যেন উপকৃত হন, সে দিকেও লক্ষ রাখা হয়েছে। এতে করে বেকারত্ব কমবে, উদ্যোক্তা বাড়বে।
আজ বেলা ৩টায় সংসদে অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।