সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে: অভিযোগ বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই সরকার মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে, মানুষকে ভুল বোঝানোর মধ্য দিয়ে, বিশেষ করে মিডিয়ার সাহায্যে সরকার বোঝাতে চায় দেশ খুব ভালো আছে, অর্থনীতি ভালো আছে।’

আজ শনিবার ঈদুল ফিতরের নামাজের পর ঢাকার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিবসহ দলটির নেতারা। এ সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।  

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রকৃতপক্ষে দেশে আজকে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে অর্থনৈতিক চরম সংকট সৃষ্টি হয়েছে। এ সংকটের কারণে দেশ অতি দ্রুত ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে যাবে বলে অর্থনীতিবিদেরা মনে করছেন। মিথ্যা কথা বলে, প্রচার করে এই সরকার ক্ষমতায় টিকে আছে জোর করে।’

মির্জা ফখরুল এবারের ঈদকে ‘বেদনাদায়ক এবং কষ্টকর’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, দেশের মানুষ ‘দুঃখ-কষ্টের’ মধ্য দিয়ে ঈদ করছে।

তিনি গ্রেপ্তার থাকা দলের নেতা–কর্মীদের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এবারকার ঈদ ছিল আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। একদিকে আমাদের অসংখ্য নেতা-কর্মী কারাগারে রয়েছেন। তাঁরা তাঁদের পরিবারের সঙ্গে শরিক হতে পারেননি।’

নিত্যপণ্যের বাজার লাগামের বাইরে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ, তারা চাল-ডাল-তেল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক নজিরবিহীন মূল্যবৃদ্ধি, তাতে করে তারা এই ঈদের আনন্দকে উপভোগ করার জন্য যেটুকু ন্যূনতম সামগ্রী কেনা দরকার, তারা সেটা ক্রয় করতে পারেনি। দুঃখ-কষ্টে কাটছে তাদের।’

বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ অন্যদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপির হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, আবদুল বারী ড্যানীসহ মহানগরসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।