
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছেন না গণমাধ্যমের সাংবাদিকেরাও।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ।
বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ছাড়া অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না।
দুর্নীতি ও দুঃশাসনের কবলে পুরো দেশই এখন কারাগারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই।
বিবৃতিতে বিএনপির মহাসচিব সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানির রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।