বিএনপি মহাসচিবের বক্তব্য গণমাধ্যমের ওপর আক্রমণের শামিল: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে নিজ বাসভবনে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী
ছবি: বাসস

‘সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে গণমাধ্যমের ওপর আক্রমণের শামিল বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের বক্তব্য মিডিয়ার ওপর আক্রমণ। আমি মনে করি এই আক্রমণ সমীচীন নয়। ফখরুল সাহেব প্রচণ্ড হতাশা থেকে এই কথাগুলো বলেছেন। আজকে বাংলাদেশে যেভাবে স্বস্তির ঈদযাত্রা হয়েছে, মানুষ যেভাবে স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করেছে, বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে এটি সত্যিই উদাহরণ। একটু যা অস্বস্তি ছিল গরমের কারণে, তাতে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে কি না, আমি জানি না।’

আজ রোববার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাংবাদিকেরা ঈদের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে মন্ত্রী এসব কথা বলেন।

গতকাল শনিবার ঈদুল ফিতরের নামাজের পর ঢাকার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিবসহ দলটির নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে। তিনি বলেছেন, ‘এই সরকার মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে, মানুষকে ভুল বোঝানোর মধ্য দিয়ে, বিশেষ করে মিডিয়ার সাহায্যে সরকার বোঝাতে চায় দেশ খুব ভালো আছে, অর্থনীতি ভালো আছে।’

সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের গাণিতিক বৃদ্ধি ঘটেছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আমরা ২০০৯ সালে সরকার গঠনের সময় বাংলাদেশে সাড়ে চার শ দৈনিক পত্রিকা ছিল, এখন ১ হাজার ২৬০টির বেশি। ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রাটাও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। ২০০৯ সালে টেলিভিশন চ্যানেল ছিল ১০টি, এখন ৪৭টির লাইসেন্স দেওয়া হয়েছে, এর মধ্যে ৩৬টি সম্প্রচারে রয়েছে। লাইসেন্সপ্রাপ্ত বাকি অনেকেই খুব শিগগির সম্প্রচারে আসবে। এতগুলো টেলিভিশন চ্যানেল হওয়ায় সাংবাদিকতা থেকে পাস করা আমাদের ছেলেমেয়েদের চাকরির একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে।’

একই সঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই মিডিয়ার ব্যাপ্তি ঘটলেও আমরা দেখতে পাই গণমাধ্যমে আজকে দেশের যে উন্নয়ন অগ্রগতি, সেটি ঠিকভাবে পরিস্ফুটিত হয় না। খারাপ সংবাদ অনেক ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। কেউ কেউ মনে করেন “গুড নিউজ ইজ নো নিউজ, ব্যাড নিউজ ইজ নিউজ”, এটি সমীচীন নয় বলে আমি মনে করি।’

তথ্যমন্ত্রী হিসেবে এবং এর আগে দীর্ঘ সাত বছর দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সংসারটা সাংবাদিকদের সঙ্গেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সারা বিশ্বে বিএনপির ‘পেইড এজেন্ট’ আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা সারা পৃথিবী থেকে অপপ্রচার চালাচ্ছে। তারা যে বিভিন্ন জনের কাছে এ কাজের জন্য টাকা পাঠায়, সেই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে, কাকে কত টাকা দেওয়ার কথা ছিল, টাকা না দেওয়াতে তারা গোস্যা করেছে। এগুলোতেও যখন কাজ হচ্ছে না, তাই মিডিয়ার ওপর চড়াও হয়েছে বিএনপি। অথচ মিডিয়া চাইলেও সরকারের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে খারাপ সংবাদ পাচ্ছে না বলেই পরিবেশিত হচ্ছে না।’

বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি দেখতে পাচ্ছে বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিয়ে কোনো লাভ হয়নি। বিএনপি যাদের ওপর ভরসা করেছিল, তারাও দেখতে পাচ্ছে, বিএনপির ওপর কোনো ভরসা নেই।