উন্নয়ন কি চুবাইয়ে খাব: মির্জা ফখরুল

রাজধানীর লালবাগের একটি কমিউনিটি সেন্টারে আজ বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক ইফতার মাহফিলে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

কথায় কথায় তারা (সরকার) খালি বলে উন্নয়ন করেছে—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি এখানে আসার পথে দেখলাম, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা “উন্নয়ন কি চুবাইয়ে খাব?” উন্নয়ন তো চিবাইয়ে খাওয়া যায় না। আমার পেটে যদি ভাত না থাকে, ১০টা উড়ালসেতু বানান, আমার তাতে কী আসে যায়।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বঙ্গবাজার পুড়েছে। এই বাজার বড়লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তের বাজার। এর আগে সিদ্দিকবাজারে ২২ জন মারা গেল, তার আগে চট্টগ্রামে হয়েছে। এসব ব্যাপারে এই সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে নাশকতার গন্ধ পায়।

ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমার কথা খুব সোজা, ১৪ বছর বহু জ্বালাইছেন এ দেশের মানুষকে। এখন তোমাকে মানুষ দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। এই রমজানের মাসে, এই ইফতারের আগে সোজাসুজি বলতে চাই, দয়া করে মানে মানে সরে পড়ো।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সবকিছুকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছ, রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করেছ, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছ। দয়া করে সরে পড়েন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। মানুষ একটা ভোট দিক, ভোট দিয়ে মানুষ যাকে খুশি তাকে নির্বাচিত করুক।’

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সঙ্গে বলেছেন, ইভিএম-ব্যালট কোনোটাই কাজে দেবে না—যদি বিরোধী দল অংশ না নেয়। অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, সেটা কাজে দেবে না, কেউ মানবে না। সুতরাং একটাই দাবি, পদত্যাগ করো, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পেছনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপির নাশকতার অভিযোগ তোলার প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে।’ তিনি বলেন, ‘বঙ্গবাজার পুড়েছে। এই বাজার বড়লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তের বাজার। এর আগে সিদ্দিকবাজারে ২২ জন মারা গেল, তার আগে চট্টগ্রামে হয়েছে। এসব ব্যাপারে এই সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে নাশকতার গন্ধ পায়।’

অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগের অবস্থা এমন হয়েছে যে তারা সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এই বলে বিএনপি আসল, এই বলে আন্দোলন করল, এই বলে তারেক রহমান আসল। রাত্রিবেলা অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আঁতকে ওঠে। আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে এই বিএনপি এই বিএনপি আসল।’

অনুষ্ঠানে মির্জা ফখরুল লালবাগের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে স্মরণ করেন। তিনি অভিযোগ করেন, বিএনপির সাহসী নেতা পিন্টুকে এই সরকার পরিকল্পিতভাবে জেলখানায় হত্যা করেছে।

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।