জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিচ্ছেন একজন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিচ্ছেন একজন

সংরক্ষিত নারী আসন

বিএনপি পাবে ৩৬ আসন, ফরম বিক্রি প্রায় ১৩০০টি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে প্রার্থী হতে প্রায় ১ হাজার ৩০০ জন মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে তিন দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলের নারীনেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার অনেকে মনোনয়ন ফরম কিনেছেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিন দিনে প্রায় ১ হাজার ৩০০ ফরম বিক্রি হয়েছে।

এবার নারী আসনে বিএনপির মনোনয়ন ফরমের দাম ছিল দুই হাজার টাকা। তবে ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীর কাছ থেকে ৫০ হাজার টাকা জামানত (অফেরতযোগ্য) নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আর ভোট আগামী ১২ মে।

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন দলটির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে খন্দকার আখতারা খাতুন, মহিলা দলের সাবেক নেত্রী শিরিন সুলতানা, বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী আরিফা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি তানজিন চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সহত্রাণবিষয়ক সম্পাদক নুরুন্নাহার, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজসহ অনেকে।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি ঢাকা–১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সাংস্কৃতিক অঙ্গন থেকেও কয়েকজন মনোনয়ন ফরম কিনেছেন। তাঁদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন ও দিঠি আনোয়ার। এ ছাড়া অভিনেত্রী রিনা খান ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীও ফরম নিয়েছেন।

গত শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আজ ছিল ফরম বিক্রি ও জমার শেষ দিন। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আসা তাঁদের কর্মী-সমর্থকেরা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছিলেন। কার্যালয়ের ভেতরেও ভিড় ছিল।

মনোনয়নপ্রত্যাশী তানজিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথমে ছাত্রদল, পরে বিএনপির রাজনীতি করার কারণে মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দল তাঁর অতীত ভূমিকা মূল্যায়ন করবেন বলে আশা করেন তিনি।