জামায়াতের চার নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গিয়ে আটক জামায়াতে ইসলামীর চার নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তাঁরা ডিএমপি কার্যালয়ে যান। বিকেলের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর আগে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি। তিনি বলেন, জামায়াতের চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতে ইসলামীর আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে রাজধানীতে এ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। এতে সহযোগিতা করার আবেদন নিয়ে ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন চার নেতা। সেখান যাওয়ার পরই তাঁদের আটক করা হয়।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও গণমাধ্যম শাখার পরিচালক আশরাফুল আলম ইমন এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক  থেকে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়।

জামায়াতে ইসলামীর বিবৃতি অনুযায়ী, ডিএমপি কার্যালয়ে গিয়ে আটক চার সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক সাইফুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল বাতেন ও জালাল উদ্দীন ভূঁইয়া এবং সাবেক সহসভাপতি গোলাম রহমান ভূঁইয়া।