‘তারুণ্যের সমাবেশ’ কে স্বাগত জানিয়ে বিএনপির সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ১২ জুন
‘তারুণ্যের সমাবেশ’ কে স্বাগত জানিয়ে বিএনপির সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ১২ জুন

‘তারুণ্যের’ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় শোভাযাত্রা বিএনপির

ছয় বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ শুরুর আগে সোমবার রাজধানীতে শোভাযাত্রা করল বিএনপি। বেলা তিনটার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

দলীয় সূত্র জানায়, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ছয় বিভাগীয় শহরে তরুণদের সংগঠিত করতে যে সমাবেশের আয়োজন করেছে, সেটিকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা করা হয়। ১৪ জুন বুধবার চট্টগ্রামে প্রথম সমাবেশ হবে। সর্বশেষ সমাবেশ হবে ২২ জুলাই ঢাকায়। এ ছাড়া ১৯ জুন বগুড়ায়, ২৪ জুন বরিশালে এবং ৯ জুলাই সিলেটে, ১৭ জুলাই খুলনায় সমাবেশ হবে।

‘জাতীয়তাবাদী তরুণ নেতা-কর্মীদের’ ব্যানারে নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করে বিএনপি। ঢাকা, ১২ জুন

তারুণ্যের সমাবেশকে উৎসাহিত করতে সোমবার  ‘জাতীয়তাবাদী তরুণ নেতা-কর্মীদের’ ব্যানারে নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা হয়। বৈরী আবহাওয়ায় বৃষ্টির মধ্যেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে শত শত নেতা-কর্মী সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তরুণেরাই বিশ্বের দেশে দেশে বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে।

দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেন, অতীতে যেভাবে ছাত্র-যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করছে, ভবিষ্যতে তা–ই করবে।
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম (বকুল) বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে তারুণ্যের এই সমাবেশ করা হচ্ছে।

সমাবেশ শেষে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আবদুস সালাম আজাদ, শামা ওবায়েদ, মীর সরফত আলী, এ বি এম মোশারফ হোসেন, নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী, সেলিমুজ্জামান সেলিম, অনিন্দ্য ইসলাম, আমিরুল ইসলাম খান, নজরুল ইসলাম আজাদ, আবদুল খালেক, শহিদুল ইসলাম, শামীমুর রহমান, মীর নেওয়াজ আলী, নিলোফার চৌধুরী, আমিনুল হক, মীর নেওয়াজ আলী, ফারজানা শারমীন, মিজানুর রহমান, শামীম পারভেজ, পারভেজ রেজা, বাহাউদ্দিন বাহার, রফিক সিকদার, ফেরদৌসী আহমেদ, আবু বকর সিদ্দিক, আবদুল মতিন, মীর হেলাল, হাসান মামুন, হুম্মাম কাদের চৌধুরী, হাবিবুর রশিদ, সুলতান সালাউদ্দিন, সরকার মাহবুব আহমেদ, আবদুস সাত্তার পাটোয়ারী, তানভীর আহমেদ, রিয়াজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের তরুণ নেতারা অংশ নেন।