
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। কয়েক দফা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই পরিস্থিতিতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের কালা মিয়া বাজার এলাকার অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারে সামনে এই কর্মসূচি পালিত হয়। আয়োজক ছিল বাকলিয়া থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
শাহাদাত হোসেন বলেন, দেশে এখন কথা বলার স্বাধীনতা নেই। সাংবাদিকেরা নির্যাতিত হচ্ছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি কালো আইন করে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। সাংবাদিকেরা এখন আর লিখতে পারেন না। স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না।
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন দিলেই হবে না। বর্তমান সরকারের পাতানো ফাঁদে বিএনপি আর পা দেবে না।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, এখন থেকে প্রস্তুতি নিন। ভোটের অধিকার রক্ষার সংগ্রামের ঝাঁপিয়ে পড়তে হবে। ভোটাধিকার সাংবিধানিক অধিকার। এটি বিএনপির একার দাবি নয়। এটি দেশের মানুষের দাবি। যত দিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে না ও গণতন্ত্র ফিরে আসবে না, তত দিন দেশের মানুষ রাজপথ ছাড়বে না।
বাকলিয়া থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এম আই চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর, সদস্য মোহাম্মদ আলী, কামরুল ইসলাম প্রমুখ।