রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইপ্রক্রিয়া আজ বুধবার শুরু হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬–এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, ২২ এপ্রিল (বুধবার) বেলা ২টা থেকে এবং পরদিন ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাঁদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।