বাজেটে বর্তমানের দুঃস্বপ্ন মোচনের বিশেষ কিছু নেই: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টি
ওয়ার্কার্স পার্টি

বাজেটে অতীতের অর্জন ও ভবিষ্যতের সুখস্বপ্নের প্রতিফলন থাকলেও, বর্তমানের দুঃস্বপ্ন মোচন করার বিশেষ কোনো কথা নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট (২০২৩-২৪) নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

আজ শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসানের সই করা বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার কথা বলা হচ্ছে। তবে এখনকার মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ থেকে কীভাবে ৬ শতাংশে নামিয়ে আনা হবে, সে কৌশল বাজেটে অনুপস্থিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্পর্কে বাজেট নিশ্চুপ। লাগামহীন আয় ও সম্পদবৈষম্য কমিয়ে আনা, ঋণখেলাপির সংখ্যা কমানো, বিদেশে অর্থ পাচার বন্ধ করা ও বিশেষ করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কৌশল বাজেটে নেই।

বিবৃতিতে বলা হয়, অর্থনীতির মূল খাতগুলো, যেমন কৃষি, জ্বালানি, পরিবহন খাতে বরাদ্দ বাড়ানো হলেও ভর্তুকি কমানোর সিদ্ধান্তের দায়ভার জনগণের ওপর পড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে জনগণকে কষ্ট দেওয়ার কোনো অবকাশ নেই।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হলেও তা নিতান্তই প্রান্তিক। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রান্তিক কৃষক-খেতমজুরদের স্বার্থ বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি।

তবে সর্বজনীন পেনশন স্কিম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই পেনশন স্কিমে যদি খেতমজুর-গ্রামীণ শ্রমজীবীদের চাঁদা দিতে হয়, তবে তাঁরা কখনোই পারবেন না। ফলে ওই স্কিমের সর্বজনীনতা ক্ষুণ্ন হবে।