যান্ত্রিকভাবে চিন্তা করলে হবে না: মার্ক্সবাদ নিয়ে আলোচনায় ভানুদেব দত্ত

কার্ল মার্ক্সসের ২০৫তম জন্মজয়ন্তী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে
ছবি: আশরাফুল আলম

কার্ল মার্ক্সসের লেখা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা ভানুদেব দত্ত। তিনি বলেছেন, যান্ত্রিকভাবে চিন্তা করলে হবে না। মন খোলা করে মুক্ত চিন্তা করতে হবে।

কার্ল মার্ক্সসের ২০৫তম জন্মজয়ন্তী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ভানুদেব দত্ত। আজ শুক্রবার সকালে সিপিবির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে দিনব্যাপী এই সভা হয়। সভার প্রথম পর্ব ‘বাংলায় মার্ক্সস’ বিষয়ক আলোচনায় অংশ নেন ভানুদেব দত্ত।

সময় ও পরিস্থিতি পাল্টে গেছে উল্লেখ করে নতুন প্রজন্মের উদ্দেশে ভানুদেব দত্ত বলেন, ‘নতুনভাবে চিন্তা করতে শেখো। নতুনভাবে মার্ক্সস পড়ো। এই চর্চা করতে হবে।’

মার্ক্সবাদী ঐতিহাসিক ভানুদেবের মতে, বাংলায় মার্ক্সবাদের চর্চা সত্যিকার অর্থে হচ্ছে না। কেন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুনভাবে মার্ক্সবাদী চেতনা তৈরি করা দরকার। আমাদের চিন্তার মধ্যে যান্ত্রিকতা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আমাদের মধ্যে যে পারস্পরিক সংকীর্ণতা আছে, তা পরিষ্কার করা দরকার। কেবল রাজনৈতিক মিছিল, মিটিং করলে হবে না।’

ভানুদেব দত্ত বলেন, সামাজিক আন্দোলন তৈরি হচ্ছে। কিন্তু কমিউনিস্ট পার্টি তা তৈরি করছে না, তৈরি করছে অন্য ধরনের লোক। তাহলে কি কমিউনিস্ট পার্টির প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে? হয়তো কমে যাচ্ছে। তাই এসব আন্দোলনের জন্ম হচ্ছে। এই সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এগুলো নতুন করে ভাবতে হবে।

ভারতের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা ও মার্ক্সবাদী ঐতিহাসিক ভানুদেব দত্ত। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে

ভারতবর্ষে মার্ক্সবাদের দর্শন আসতে কেন দেরি হয়েছে, তা ব্যাখ্যা করে ভানুদেব দত্ত বলেন, ১৮৪৮ সালে মার্ক্সসের মতবাদ ইউরোপের দেশে দেশে যেভাবে প্রসারিত হয়েছিল, এখানে সেটা পৌঁছায়নি। পৌঁছানোর মতো বাস্তব ভিত্তি ছিল না। যার জন্য তখন পাওয়া যায়নি, পাওয়া গেছে পরে। কেন দেরি হল, তা নিয়ে তিনি বলেন, ‘মার্ক্সবাদের জন্ম হয়েছিল একটা সামাজিক, অর্থনৈতিক পটভূমিতে। সে সময় ভারতের সামাজিক, অর্থনৈতিক পটভূমি একেবারে ভিন্ন ছিল। সেখানে পুঁজিবাদ অনেক বিকশিত হয়েছিল, আর আমাদের এখানে পুঁজিবাদের সূচনা হচ্ছিল। এটা ছিল অন্যতম কারণ।’

আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এখানে কমিউনিস্ট আন্দোলন হঠাৎ করে বিকশিত হয়নি। এর পেছনে পটভূমি আছে। এক লাফে এটা পরিপূর্ণতা লাভ করেনি। সেটা বিকাশিক ধারায় হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস নির্মাণে কমিউনিস্ট পার্টির অবদান কেউ অস্বীকার করতে পারবে না। এই সমগ্র ইতিহাসে কমিউনিস্টদের আত্মত্যাগ, সাহসী, বিপ্লবী ভূমিকা এই দেশকে এগিয়ে নিয়েছে। আমরা লক্ষ্যের কাছাকাছি এখনো যেতে পারিনি, তবে অনেক দূর এগিয়েছি।’

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ সভা সঞ্চালনা করেন। এ সময় আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত মার্ক্সবাদী সমাজবিজ্ঞানী অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) তাত্ত্বিক শান্তনু দে।

দ্বিতীয় পর্বের আলোচনা

দ্বিতীয় পর্বে ‘মার্ক্স ভাবনা আজ ও আগামীকাল’ বিষয়ে কথা বলেন ভারতের মার্ক্সবাদী সমাজবিজ্ঞানী অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত। তিনি বলেন, কার্ল মার্ক্স বেঁচে থাকলে তিনি সবার আগে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করতেন। যে তথ্যপ্রযুক্তি পুঁজিবাদ তার কাজে লাগাচ্ছে, সেটা কাজে লাগিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই জোরদার করতে পারতেন। যদি বলি এটা পুঁজিবাদের পণ্য, তাই এর থেকে দূরে থাকব, এটা হয় না। প্রযুক্তি প্রশ্ন নয়, প্রযুক্তি ব্যবহারের প্রশ্ন। পুঁজিবাদ প্রযুক্তি নিয়ন্ত্রণ করলে তা শ্রমজীবী শ্রেণির স্বার্থের বিরুদ্ধে যায়। এ অস্ত্র প্রয়োগ করা জানতে হবে।

শোভনলাল দত্তগুপ্ত বলেন, কার্ল মার্ক্স ক্রমাগত নিজেকে পাল্টেছেন। তাঁর ক্রমাগত নির্মাণ, বিনির্মাণ, পুনর্নির্মাণ চলেছে। তাঁর একটাই লক্ষ্য ছিল, পুঁজিবাদের বিকল্প একটি মানবকল্যাণমুখী ব্যবস্থা তৈরি করা।

এ পর্বের আলোচনায় অংশ নেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) তাত্ত্বিক শান্তনু দে। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কিংবা ডিজিটাল ইন্ডিয়া, আসলে তো অসাম্য বাড়ছে। প্রতিদিন ফারাক বাড়ছে। ব্রিটিশ আমলের চেয়ে বৈষম্যের বেশি ফারাক এখন আমাদের দেশে। আর রাশিয়ায় জারের আমলের চেয়ে বেশি। বিশ্বায়নের প্রভাব থেকে অসাম্যের বেনজির উত্থান এবং পরিবেশের সংকট—এ সমস্ত কিছু আগেভাগে দেখে গিয়েছিলেন মার্ক্স।’