
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার আগের মতো একতরফা নির্বাচন করতে চায়। সে জন্য তারা জাতিসংঘের (নির্বাচনে সহযোগিতার) প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বিএনপি ও বিরোধী জোট যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে নির্বাচনের বৈধতা থাকবে না।
আজ শুক্রবার বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২–দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের যে লক্ষ্য, তারা আগের কায়দায় নির্বাচন দেখিয়ে আবার ক্ষমতায় যাবে, সেভাবে তারা পরিকল্পনা করেছে। সে জন্য যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে তাঁরা (সরকার) সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট। সেই কারণে গতকালও (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কর্মকর্তার মুখ দিয়ে তো বেরিয়েছে যে যদি সবাই অংশগ্রহণ না করে, তাহলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।’
বৈঠকে সরকার পদত্যাগসহ ১০ দফা আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
১২–দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, ‘একটা গণ-আন্দোলন সমগতিতে চলতে পারে না। তার ওঠানামা, তীব্রতা এবং পশ্চাৎপদতা থাকে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমি এ কথাটুকু বলতে চাই, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ ও প্রয়াস নিশ্চয়ই আমাদের আগামী দিনে জয়যুক্ত করবে, এই সরকারের পতন অবশ্যম্ভাবী করে তুলবে।’
তারাই এটার সঙ্গে জড়িত
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিরপেক্ষ তদন্ত হলে ক্ষমতাসীনদের লোকদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবাজার ও আশপাশের বিপণিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ‘হাত’ আছে কি না, তা তাঁরা তদন্তের প্রয়োজন অনুভব করছেন।
এ বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, ‘প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। বহু বছর ধরে আওয়ামী লীগের কিছু শাসকগোষ্ঠীর অত্যন্ত প্রভাবশালী লোক—তাঁরা সেই বঙ্গবাজারকে দখল করার চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। আমরা যেটা চেয়েছি, একটা নিরপেক্ষ তদন্ত।’
অগ্নিকাণ্ডের ঘটনার এক দিন পর সেখানে বহুতল ভবনের আলোচনা শুরু হয়ে গেছে, এটাকে কীভাবে দেখছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ, আমি সেই কথাটাই বলেছি যে প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে বেরিয়ে আসবে, যারা আওয়ামী লীগের প্রভাবশালী, তারাই এটার সঙ্গে জড়িত।’
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ধরে আপনি (সাংবাদিক) প্রশ্ন করার সময় অন্যরা (সাংবাদিকেরা) যেভাবে হাসছিলেন, আমার মনে হয় রোজার দিনে কষ্টে থাকা মানুষদের হাসানোর জন্য উনি এই বক্তব্য দিয়েছেন।’
লিয়াজোঁ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন ১২–দলীয় জোটের নেতা কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের, ইসলামী ঐক্য জোটের মাওলানা আবদুর রকীব, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম ও জাগপার ইকবাল হোসেন।
বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।