সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান
সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান

১৯ নভেম্বর সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নিজেদের কাছে তথ্য থাকার দাবি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার এক পর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।

শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে ডিসি-এসপিকে এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে। এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে সেখানে অস্থিরতা চলতে থাকলে দেশের একটি অংশের যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, ১৯ তারিখে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে—এমন ঘোষণাও দেওয়া হয়েছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। তথ্যটি সরকারের কাছে না থাকলে তা ভালো। তবে এ ধরনের পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি। এ বিষয়ে সরকারকে সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করার আহ্বান জানান।

পোশাকশিল্পের সংকট উপেক্ষা করার সুযোগ নেই

এরপর পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এ খাত। এখান থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আসে। দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ এ খাতের অবদান। শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাতও ক্ষতিগ্রস্ত হবে এবং আর্থিক লেনদেন ও ব্যবসার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। উৎপাদন বন্ধ হয়ে গেলে মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবেন না। তখন কারখানায় লে-অফ, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

শফিকুর রহমান বলেন, এতে মালিক, শ্রমিক ও দেশ—কোনো পক্ষেরই লাভ হবে না। বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারালে তাঁদের বিকল্প কাজ দেওয়ার মতো সুযোগ এই মুহূর্তে বাংলাদেশে আছে কি না, তা বিবেচনা করতে হবে। বিকল্প কর্মসংস্থান না থাকলে সামাজিক অস্থিরতা দেখা দেবে, যার প্রভাব পুরো জাতিকে ভোগ করতে হবে। তাই পোশাকশিল্পের সংকট উপেক্ষা করার সুযোগ নেই।

জাতীয় টাস্কফোর্স গঠন ও প্রণোদনার প্রস্তাব

পোশাকশিল্পের সংকট সমাধানে সরকার এককভাবে ব্যর্থ হলে মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এটি শুধু সরকারের একার বিষয় নয়, দেশের অর্থনীতি রক্ষায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। জাতীয় টাস্কফোর্স গঠন করা হলে সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের বার্তা যাবে। এতে বাইরে থেকে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তারাও একটি বার্তা পাবে। একই সঙ্গে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ারও প্রস্তাব করেন শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মতো পোশাক রপ্তানিনির্ভর শিল্পের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোতেও সরকার শ্রমিকদের সরাসরি প্রণোদনা দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রতিষ্ঠান বেসরকারি হলেও শ্রমিকদের সহায়তায় সরকার এগিয়ে আসে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশেও নেওয়া যেতে পারে।

জামায়াতের আমির বলেন, শিল্পমালিকদেরও বাঁচাতে হবে, শ্রমিকদেরও বাঁচাতে হবে। মালিকেরা উৎপাদন বাড়াতে না পারলে কিংবা লাভের মুখ দেখতে না পারলে শিল্প চালাবেন কেন? আবার শিল্প বন্ধ হলে শ্রমিকদেরও জীবিকা থাকবে না। দুই পক্ষের স্বার্থ রক্ষায় মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

বিষফোড়া এক জায়গায় থাকতেই চিকিৎসা করতে হয়

বক্তব্যের শেষ দিকে আবার গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ রয়েছেন। তাঁদের রক্ষা করা সরকারের পাশাপাশি সবার সম্মিলিত দায়িত্ব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করছে এবং মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নিজেকে ক্ষুদ্র চিকিৎসক উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বিষফোড়া এক জায়গায় থাকতেই চিকিৎসা করতে হয়। এর পুঁজ রক্তে মিশে গেলে তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের পরিস্থিতিও সেভাবেই ছড়িয়ে পড়ার আগেই সেখানে ব্যবস্থা নিতে হবে। ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞের ঘোষণা দিয়ে সরকারি স্থাপনা ও মানুষের জীবন বিপন্ন করার ঘটনা আর বসে বসে দেখার সময় নেই। এ পরিস্থিতির প্রতিকার দাবি করেন বিরোধীদলীয় নেতা।