বিএনপির মধ্যেই সংকট: তথ্যমন্ত্রী

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মধ্যেই সংকট, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই।’ তিনি বলেন, বিএনপির মধ্যে অনেকেই আছেন, যাঁরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানতে নারাজ, আবার অনেকেই মির্জা ফখরুলের নেতৃত্ব মানতে নারাজ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ‘বিজয়ের কথা বলবো’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া ও অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য ‘দেশ ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে’ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল যদি কথাটা এভাবে বলতেন যে বিএনপির মধ্যে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে, সেটি বাস্তব এবং ঠিক হতো। কারণ, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই বরং বিএনপির অভ্যন্তরেই ভয়াবহ সংকট চলছে। বিএনপির চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন পলাতক।’

‘বিএনপির সব অর্জন আওয়ামী লীগ ধ্বংস করছে’—মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অর্জন হচ্ছে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় একযোগে বোমা হামলা। বিএনপির সৃষ্টি হচ্ছে শায়খ আবদুর রহমান, বাংলা ভাই—সেগুলো এখন এ দেশে নাই। আমরা সেই সমস্ত অর্জন ধ্বংস করেছি। আর এসবের বিপরীতে গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। এটি আজকে সমগ্র বিশ্ব স্বীকার করছে।’

হাছান মাহমুদ বলেন, ‘পাকিস্তানের পার্লামেন্টে জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দেওয়া হয়। পাকিস্তানের টেলিভিশনে তাদের নিজেদের সমালোচনা আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব সবাই আজকে বাংলাদেশের প্রশংসা করছে। পারছে না শুধু বিএনপি আর বিএনপির মহাসচিবসহ নেতারা।’

উল্লেখ্য, পত্র–পত্রিকা ও অনলাইনে প্রকাশিত তথ্য অধিদপ্তরের নিবন্ধের সংকলন ২৫০ পৃষ্ঠার ‘বিজয়ের কথা বলবো’ বইটিতে স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধ, দেশ গঠন ও উন্নয়ন-অগ্রগতি নিয়ে বিশিষ্ট রাজনীতিক, গবেষক ও ইতিহাসবিদদের ৫৩টি নিবন্ধ সংকলিত রয়েছে।