প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা গণসংহতি আন্দোলনের

প্রথম আলোর প্রধান কার্যালয়ে সোমবার সন্ধ্যায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। অবিলম্বে হামলাকারী ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা আইন দিয়ে ও চাপ প্রয়োগ করে সংকুচিত করা হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যে হামলাকারী ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার পুরো ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। এ রকম হামলার ঘটনার পরও এখন পর্যন্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তাঁরা অবিলম্বে প্রথম আলো কার্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতকারী কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের অভ্যর্থনাস্থলে হামলা চালানোর চেষ্টা করে। তারা নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়–ভীতি প্রদর্শন করে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ আসে। এর আগেই দুষ্কৃতকারীরা সটকে পড়ে।