এআই দিয়ে তৈরি ধর্মীয় ইনফ্লুয়েন্সার: ওপরের বাঁ দিক থেকে যথাক্রমে ইয়াং মুন, রাব্বি গোল্ডম্যান, ফাদার জাস্টিন ও শায়েখ এআই
এআই দিয়ে তৈরি ধর্মীয় ইনফ্লুয়েন্সার: ওপরের বাঁ দিক থেকে যথাক্রমে ইয়াং মুন, রাব্বি গোল্ডম্যান, ফাদার জাস্টিন ও শায়েখ এআই

দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখো মানুষ শুনছেন তাঁদের কথা

ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে গেরুয়া বসন পরা এক বয়স্ক পূর্ব এশীয় সন্ন্যাসীর ভিডিওতে থামলেন সাহেরা আশরাফ। ন্যাড়া মাথা আর শান্ত চেহারার ইয়াং মুন ক্যামেরার সামনে বসে তাঁর অনুসারীদের ক্ষমার বিষয়ে দীক্ষা দিচ্ছিলেন।

তিনি বলছিলেন, চার ধরনের মানুষকে ক্ষমা করা প্রয়োজন—নিজের মা-বাবা, সাবেক সঙ্গী, যাঁরা তাঁদের আঘাত করেছেন এবং সবশেষে নিজেকে।

মুনের পেজে এমন শত শত ভিডিও পোস্ট করা আছে। সাধারণত মৃদু আলোর কোনো মন্দির বা বুদ্ধমূর্তির পাশে বসে সম্পর্ক, উদ্বেগ, খাদ্যাভ্যাস এবং অতিচঞ্চল মনকে শান্ত করার বিষয়ে তিনি পরামর্শ দেন।

৩২ বছর বয়সী সাহেরার কাছে মুনকে ঠিক তেমনই মনে হয়েছিল, যেমনটা তিনি দাবি করেন: জীবনভর অর্জিত শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এক বয়স্ক শিক্ষক। সাহেরা বলেন, ‘আমি তাঁর বেশ কয়েকটি পোস্ট সেভ করে রেখেছি।’

ইনস্টাগ্রামে মুনের ২৫ লাখের বেশি অনুসারী রয়েছে। তাঁর ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখেন এবং উপদেশ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্তব্য করেন। তাঁর ওয়েবসাইটে তাঁকে ঐতিহ্যবাহী প্রাচ্য দর্শনের শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে।

কিন্তু বাস্তবে এই সন্ন্যাসীর কোনো অস্তিত্বই নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ইয়াং মুনকে তৈরি করা হয়েছে। পর্দার এই বয়স্ক চেহারার পেছনে বৌদ্ধধর্ম নিয়ে পড়াশোনা করা কেউ নেই, যদিও তাঁর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে তাঁর দেওয়া শিক্ষার ওপর ভিত্তি করে বই এবং ‘গাইডেড হিলিং প্রোগ্রাম’ বিক্রি করা হয়।

এদের কেউ কেউ খোলাখুলিভাবেই নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হিসেবে পরিচয় দেয়, আবার কেউ কেউ যে ধর্মীয় ব্যক্তিত্বের অনুকরণ করে, তাঁদের থেকে এদের আলাদা করা কঠিন।

ধর্মের মোড়কে ব্যবসা ও প্রতারণা

শুধু ইয়াং মুন একা নন। ‘রাব্বি গোল্ডম্যান’ নামের এআই দিয়ে তৈরি এক গোঁড়া ইহুদি রাব্বি ‘ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে আলোচনা করতেন। প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্ট সরিয়ে ফেলার আগে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছিল।

অন্যদিকে ক্যাথলিক যাজক হিসেবে তৈরি ‘ফাদার জাস্টিন’ বিশ্বাস নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। ‘বেদগুরু’ ও ‘শায়েখ’ এআই যথাক্রমে হিন্দু ও মুসলমানদের ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।

এদের কেউ কেউ খোলাখুলিভাবেই নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হিসেবে পরিচয় দেয়, আবার কেউ কেউ যে ধর্মীয় ব্যক্তিত্বের অনুকরণ করে, তাঁদের থেকে এদের আলাদা করা কঠিন।

তবে তারা সম্মিলিতভাবে এআইকে এমন সব ধর্মীয় চর্চার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যা মূলত মানুষের সম্পর্ক ও অভিজ্ঞতার মাধ্যমে সংজ্ঞায়িত হয়। আর এর জায়গা নিচ্ছে পণ্য বিক্রি, ষড়যন্ত্রের প্রচার এবং বাস্তব কোনো আধ্যাত্মিক নেতা ছাড়াই আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলো।

সান ফ্রান্সিসকো বে এরিয়াভিত্তিক বৌদ্ধ শিক্ষক এবং এআই বিজ্ঞানী নিকি মিরগাফোরি বলেন, ‘মানুষ ভাবছে তারা একজন মানুষের কাছ থেকে শিক্ষা পাচ্ছে—প্রায় এমন প্রতারণার বিষয়টি আমাকে দারুণভাবে ব্যথিত করে।’

একটি সাক্ষাৎকারের সময় তিনি মুনের ইনস্টাগ্রাম পেজ ঘেঁটে দেখছিলেন, তবে এই সন্ন্যাসী যে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, লাখ লাখ অনুসারীকে জানানো এমন কোনো তথ্য তিনি অ্যাকাউন্টটিতে খুঁজে পাননি।

এরপর তিনি একটি ভিডিও চালু করেন। সেখানে মুন কোমর ও পিঠে ব্যথায় ভোগা অনুসারীদের নারকেলের পানি, জলপাই তেল ও লেবুর রস মিশিয়ে টানা তিন দিন পান করতে বলছিলেন। নিকি বলে ওঠেন, ‘এটা মোটেও বৌদ্ধদের রীতি নয়।’

তিনি আরও বলেন, ‘সে মূলত ভণ্ডামি করে ওষুধ বিক্রি করছে। আপনি চাইলেই একটা আলখাল্লা গায়ে জড়িয়ে শিক্ষা দেওয়া শুরু করতে পারেন না।’

ইসরায়েলের বাসিন্দা ও গোঁড়া ইহুদি রাব্বি এবং প্রকৌশলী মোয়েস নাভন এআই-নির্মিত চরিত্র রাব্বি গোল্ডম্যানের মধ্যে ভিন্ন একটি সমস্যা দেখতে পেয়েছিলেন। গোল্ডম্যান লম্বা ধূসর দাড়ি, কালো টুপি ও কোট পরে অনলাইনে হাজির হতেন।

লাখ লাখ মানুষের দেখা ভিডিওগুলোতে গোল্ডম্যান রাব্বি সেজে ইহুদিরা কেন ধনী, কিংবা টাকা-পয়সা নিয়ে ইহুদিরা এমন কী জানে যা অন্যরা জানে না—এসব ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দিতেন।

নাভন জানান, অর্থ ও আর্থিক ক্ষমতার সঙ্গে ইহুদিদের যুক্ত করার শত বছরের পুরোনো একটি ইহুদিবিদ্বেষী গতানুগতিক ধারণাকে নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছিল এবং তা প্রচারের জন্য এক গোঁড়া ইহুদি রাব্বির অবয়ব ব্যবহার করা হচ্ছিল।

বিতর্কিত এআই অ্যাকাউন্ট রাব্বি গোল্ডম্যানকে মেটার প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে।

নাভন বলেন, ‘রাব্বি গোল্ডম্যান মূলত ইহুদিবিদ্বেষ ছড়ানোর একটি ডিপফেক ছিল। এটি চাতুর্যপূর্ণ, প্রতারণামূলক এবং খুবই জঘন্য বিষয়।’

মেটা প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলার আগে চরিত্রটি ইনস্টাগ্রামে ১৫ লাখের বেশি অনুসারী জোগাড় করেছিল। এর ভিডিওগুলো দর্শকদের একটি নির্দেশিকা বা গাইডবুকের দিকেও ধাবিত করত, ৯ ডলারের ওই গাইডবুকের নাম ছিল ‘কীভাবে ইহুদিদের মতো অর্থ উপার্জন ও বিনিয়োগ করবেন’।

নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বেদান্ত সোসাইটির আবাসিক মন্ত্রী এবং হিন্দু সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দর অভিজ্ঞতাটা ছিল ভিন্ন, তবে এর সঙ্গে সম্পর্কিত। বছর দুয়েক আগে নিজের এআই সংস্করণের সঙ্গে তাঁর দেখা হয়।

এআই গুরুর দৌড় কত দূর

নাভন বলেন, ইহুদি ধর্ম নিয়ে এআইয়ের শিক্ষার ধারণায় তাঁর পুরোপুরি আপত্তি নেই। ইহুদি ধর্মগ্রন্থগুলোর ওপর প্রশিক্ষিত এবং স্পষ্টভাবে এআই হিসেবে পরিচিত কোনো টুল মানুষকে ইহুদি আইন বুঝতে বা ধর্মীয় উপকরণ খুঁজে পেতে সাহায্য করতে পারে। কিন্তু তাঁর মতে, পর্দার ওপারের কর্তৃপক্ষ যে কৃত্রিম, তা দর্শকের জানা থাকাটাই সবচেয়ে জরুরি।

নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বেদান্ত সোসাইটির আবাসিক মন্ত্রী এবং হিন্দু সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দর অভিজ্ঞতাটা ছিল ভিন্ন, তবে এর সঙ্গে সম্পর্কিত। বছর দুয়েক আগে নিজের এআই সংস্করণের সঙ্গে তাঁর দেখা হয়।

ইউনিভার্সিটি অব টেক্সাসের একটি কম্পিউটার বিজ্ঞান প্রজেক্টে তাঁর রেকর্ড করা ক্লাস ও বক্তৃতার ১ হাজার ঘণ্টার বেশি সময় নিয়ে একটি সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গবেষকেরা তাঁকে এটি পরীক্ষা করে দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন।

সর্বপ্রিয়ানন্দ বলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে যে এআই খুব ভালো কাজ করেছে।’ তিনি আগে কোথাও কোনো কথা বলে থাকলে সিস্টেমটি তাঁকে সেই ভিডিও এবং নির্দিষ্ট সময়সহ (টাইমস্ট্যাম্প) বের করে দিতে পারত। তিনি যোগ করেন, ‘এটি নিয়ে বিতর্ক করা খুব কঠিন।’

সর্বপ্রিয়ানন্দ নিজেও এআই ব্যবহার করেন এবং বিশ্বাস করেন যে এটি গবেষকদের সুবিশাল ধর্মীয় গ্রন্থাবলি অনুসন্ধানে সাহায্য করতে পারে। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে ‘এআই গুরু’দের বাজারজাত করা হচ্ছে, তখন তিনি দ্বিধায় পড়েন। সর্বপ্রিয়ানন্দ বলেন, ‘শিক্ষক নিজেই শিক্ষার মূর্ত প্রতীক।’

তিনি ব্যাখ্যা করে বলেন, গুরু শুধু এমন কেউ নন যিনি সঠিক অনুচ্ছেদটি খুঁজে বের করতে পারেন বা সঠিক উত্তর দিতে পারেন। শিক্ষক যে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা প্রদান করবেন, তিনি নিজের জীবনেও তা ধারণ করবেন বলে আশা করা হয়।

শায়েখ এআইয়ের সঙ্গে কথোপকথনের কিছু অংশ

ঝাপসা হচ্ছে বিশ্বাসের সীমারেখা

অবশ্য সব কৃত্রিম ধর্মীয় নির্দেশকই নিজেদের পরিচয় লুকিয়ে রাখে না। ভ্যাঙ্কুভারভিত্তিক সুফি মুসলিম শিক্ষক শায়েখ নুরজান মিরআহমাদির শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি চ্যাটবট ‘শায়েখ এআই’ শুরুতেই নিজের পরিচয় দেয়।

এটি কে এবং কে এটি পরিচালনা করে—এমন প্রশ্নের জবাবে চ্যাটবটটি নিজেকে একটি ‘সহানুভূতিশীল সুফি নির্দেশক’ হিসেবে বর্ণনা করে। এরপর বলে, ‘আমি নিজে কোনো মানুষ বা আধ্যাত্মিক কর্তৃপক্ষ নই।’ এটি জানায়, এর উত্তরগুলো শুধু মিরাহমাদির অনুমোদিত শিক্ষা এবং আনুষ্ঠানিক উৎসগুলো থেকে নেওয়া।

খ্রিষ্টানরাও দেখেছেন কত দ্রুত এই সীমারেখাগুলো ঝাপসা হয়ে যেতে পারে। ২০২৪ সালের এপ্রিলে ক্যাথলিক অ্যানসারস নামের একটি ওয়েবসাইট ফাদার জাস্টিনকে প্রকাশ্যে আনে। এটি একটি থ্রিডি এআই চরিত্র, যাকে এমনভাবে নকশা করা হয়েছে যেন তাকে একজন ক্যাথলিক যাজকের মতো দেখতে লাগে এবং সে একইভাবে কথা বলে।

অন্তত একটি কথোপকথনে চ্যাটবটটি এক ব্যবহারকারীর পাপস্বীকার শোনে এবং এমনভাবে উত্তর দেয় যা ক্যাথলিকদের পাপমোচনের (অ্যাবসোলিউশন) মতো শোনায়। অথচ ক্যাথলিক ধর্মমতে, শুধু একজন যাজকই এই ক্ষমা বা পাপমোচন করতে পারেন।

জাস্টিন, যিনি আগে ফাদার জাস্টিন নামে পরিচিত ছিলেন, তিনি ক্যাথলিক অ্যানসারস-এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চ্যুয়াল অ্যাপোলজিস্ট

এআইকে যাজক হিসেবে উপস্থাপন করায় সমালোচনার মুখে ক্যাথলিক অ্যানসারস ‘ফাদার’ উপাধিটি বাদ দেয়। সংস্থাটি স্বীকার করে যে ব্যবহারকারীরা কোনো চ্যাটবটের কাছে পাপমোচন চাইবেন, এমনটা তারা ধারণা করতে পারেনি।

শ্রীলঙ্কাভিত্তিক প্রফেট জেরোমি ফার্নান্দো মিনিস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং যাজক কুশল পেরেরা বলেন, এ ধরনের ঘটনাগুলো একটি যন্ত্রকে ধর্মীয় কর্তৃপক্ষের রূপ দেওয়ার বিপদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত বিপজ্জনক একটি ব্যাপার। কারণ, আপনাকে দেখতে বাস্তবের মতো মনে হতে পারে এবং আপনি ভুল তথ্য দিতে পারেন।’ কেউ হয়তো এমন কিছু শুনতে পারেন যা ‘পুরোপুরি বাইবেলের বাইরের’, তিনি বলেন, ‘আর মানুষ হয়তো তা-ই বিশ্বাস করবে।’

পেরেরা বাইবেলের শ্লোক খোঁজার জন্য এআই ব্যবহার করেন। তবে তিনি বলেন, যাজকের দায়িত্বের সঙ্গে বিয়ে, মৃত্যু, পারিবারিক সমস্যা এবং বিশ্বাসের সংকটের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্কের বিষয়টি জড়িত। তিনি বলেন, ‘একটি সম্পর্ক সর্বদা আত্মার সঙ্গেই বিকশিত হয়।’ এআই ওই সম্পর্কের কিছু অংশের অনুকরণ করতে পারে, ‘কিন্তু তা বাস্তব নয়।’

ভ্যাঙ্কুভারভিত্তিক সুফি মুসলিম শিক্ষক শায়েখ নুরজান মিরআহমাদির শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি চ্যাটবট ‘শায়েখ এআই’ শুরুতেই নিজের পরিচয় দেয়।

সাক্ষাৎকার দেওয়া ধর্মীয় নেতাদের কেউই এআইকে পুরোপুরি প্রত্যাখ্যান করেননি। ইহুদি আইন সম্পর্কে জানতে নাভন এর ব্যবহার দেখেন; পেরেরা ধর্মগ্রন্থ খুঁজতে এটি ব্যবহার করেন; আর সর্বপ্রিয়ানন্দ তো নিজের শিক্ষার ওপর প্রশিক্ষিত এআইকে আশ্চর্যজনকভাবে সঠিক উত্তর দিতে দেখে মুগ্ধ হয়েছেন।

তবে সর্বপ্রিয়ানন্দর কাছে এআইয়ের শিক্ষা জানা থাকা আর একজন আধ্যাত্মিক শিক্ষক হওয়া—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

হিন্দু ঐতিহ্যে ব্যবহৃত মাটির প্রদীপ (দিয়া) উদাহরণ দিয়ে তিনি এই পার্থক্যটি বুঝিয়ে বলেন। তিনি বলেন, একটি জ্বলন্ত প্রদীপ যেমন আরেকটি প্রদীপকে জ্বালাতে পারে, ঠিক তেমনি একজন শিক্ষকও শিক্ষার্থীর মাঝে কিছু ছড়িয়ে দিতে পারেন।

সর্বপ্রিয়ানন্দ বলেন, ‘তথ্য, প্রশিক্ষণ ও অন্তর্দৃষ্টির ক্ষেত্রে এআই হয়তো সাহায্য করতে পারে, কিন্তু এটি আসলে আধ্যাত্মিকতা ছড়াতে পারে না।’

  • সূত্র: রিলিজিয়ন নিউজ সার্ভিস