পাথেয়

রমজানের সজীবতা ধরে রাখার ৮ উপায়

রমজান মাসে যে আবেগ ও নিষ্ঠার সঙ্গে স্রষ্টার সান্নিধ্যে কাটাই, তার রেশ আমাদের মনে এক প্রশান্তির ছাপ রেখে যায়। কিন্তু ঈদের আনন্দ শেষ হতে না হতেই একটা ভয় আমাদের পেয়ে বসে—রমজানের সেই ইমানি তেজ কি হারিয়ে যাবে? ৩০ দিনের সেই সুশৃঙ্খল ইবাদতের অভ্যাস কি আমরা সারা বছর ধরে রাখতে পারব? 

অনেকেই রমজান-পরবর্তী সময়ে নিজের মধ্যে এক ধরনের ঘাটতি বা অপূর্ণতা অনুভব করেন।

আসলে রমজান মাসের একটি নিজস্ব রুহ বা প্রাণ আছে। এই রুহানি পরিবেশই মুসলিমদের ইবাদতে উদ্বুদ্ধ করে। প্রাজ্ঞ মুমিনরা রমজানকে দেখেন একটি ‘রিচার্জিং স্টেশন’ হিসেবে, যেখান থেকে অর্জিত পাথেয় দিয়ে তারা বাকি ১১ মাস পথ চলেন।

বলা হয়ে থাকে, সাহাবিরা রমজান আসার ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং রমজান চলে যাওয়ার পর পরবর্তী ছয় মাস সেই আমল কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন।

বলা হয়ে থাকে, সাহাবিরা রমজান আসার ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং রমজান চলে যাওয়ার পর পরবর্তী ছয় মাস সেই আমল কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন। অর্থাৎ তাঁদের পুরো বছরটাই কাটত রমজানের আবহে।

রমজানের সেই ইমানের সজীবতা’ ধরে রাখার জন্য নিচে কিছু কার্যকর পরামর্শ তুলে ধরা হলো:

১. পরিবেশ ও সঙ্গ ধরে রাখা

রমজানে আমরা যে পরিবেশ ও সঙ্গ পাই—মসজিদে যাওয়া, নেককার মানুষের সান্নিধ্য এবং ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকা—তা ইবাদতে বড় ধরনের সহায়তা দেয়।

রমজান শেষ হলেও এই পরিবেশ থেকে বিচ্যুত হওয়া যাবে না। ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং ধর্মীয় পাঠচক্র বা সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত থাকা ইমানের সজীবতা ধরে রাখতে সাহায্য করে।

২. মনের উত্থান-পতনকে বুঝতে পারা

মানুষের মন সবসময় এক অবস্থায় থাকে না। ইমানেরও হ্রাস-বৃদ্ধি ঘটে। এটি একটি মনস্তাত্ত্বিক বাস্তবতা। রমজানে যে উচ্চতায় ইবাদত করা সম্ভব হয়, সারা বছর হুবহু সেই গতি বজায় রাখা অনেকের জন্যই কঠিন। 

শয়তান এই সুযোগটিই নেয়; সে মানুষের মনে হীনম্মন্যতা ঢুকিয়ে দেয়, “তুমি রমজানের মতো ইবাদত করতে পারছ না, তার মানে তুমি ব্যর্থ।”

এমন হতাশা থেকে মানুষ অনেক সময় ভালো কাজই ছেড়ে দেয়। মনে রাখতে হবে, ইবাদতে সামান্য ঘাটতি হলেও হাল ছাড়া যাবে না।

রমজান চলে গেলেও বছরজুড়ে ইবাদতের ছোট ছোট অনেক স্টেশন আসে। যেমন—শাওয়াল মাসের ছয় রোজা, জিলহজ মাসের প্রথম দশ দিন কিংবা আশুরার রোজা।

৩. পছন্দসই আমলের ‘রুটিন’ করা

রমজানে আপনি যেসব আমল করে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন, সেগুলোর একটি তালিকা করুন। হতে পারে সেটি কোরআন তেলাওয়াত কিংবা গভীর রাতের নির্জন প্রার্থনা। সারা বছর সেই নির্দিষ্ট আমলটি অন্তত প্রতিদিন অল্প করে হলেও জারি রাখুন।

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)

৪. সহযোগী বন্ধু খুঁজে নেওয়া

রমজানের ইবাদতে যারা আপনাকে উৎসাহ দিয়েছে, এমন একজন বন্ধু বা স্বজনকে সঙ্গী হিসেবে বেছে নিন। একে অপরের আমলের খোঁজ নেওয়া এবং সৎকাজে উৎসাহিত করার মাধ্যমে ইবাদতে স্থবিরতা আসে না। একে অন্যের প্রতি এই কল্যাণকামিতা ইসলামের একটি মহান শিক্ষা।

৫. ইবাদতের মৌসুমগুলো কাজে লাগানো

রমজান চলে গেলেও বছরজুড়ে ইবাদতের ছোট ছোট অনেক স্টেশন আসে। যেমন—শাওয়াল মাসের ছয় রোজা, জিলহজ মাসের প্রথম দশ দিন কিংবা আশুরার রোজা।

এই বিশেষ দিনগুলোতে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিলে মনের আধ্যাত্মিক সজীবতা আবার ফিরে আসে। আল্লাহ–তাআলা বলেন, “আর আল্লাহ হেদায়াতপ্রাপ্তদের হেদায়াত বাড়িয়ে দেন।” (সুরা মারইয়াম, আয়াত: ৭৬)

৬. দান-সদকার চর্চা

রমজানে আমরা দুহাতে দান করি। এই অভ্যাসটি বন্ধ করা যাবে না। সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান করার অভ্যাস ইমানকে শক্তিশালী করে এবং মনের কালিমা দূর করে। মহানবী (সা.) বলেছেন, “সদকা বা দান গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।” (সুনানে তিরমিজি, হাদিস: ৬১৪)

রমজান আমাদের জীবনকে বদলে দেওয়ার একটি সুযোগ মাত্র। এই পরিবর্তনের সুফল তখনই পাওয়া যাবে, যখন আমরা রমজানের শিক্ষাগুলোকে অভ্যাসে পরিণত করব।

৭. অন্যকে ভালো কাজের দাওয়াত দেওয়া

আপনি নিজে যে আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করছেন, তা অন্যের মাঝে ছড়িয়ে দিন। পরিবার বা বন্ধুদের ভালো কাজের পরামর্শ দিলে নিজের ওপরও একটি নৈতিক দায়বদ্ধতা তৈরি হয়। অন্যকে নসিহত করা নিজের ইমানি শক্তি বৃদ্ধির একটি বড় মাধ্যম।

৮. প্রার্থনায় অবিচল থাকা

সর্বোপরি প্রয়োজন আল্লাহর সাহায্য। ইবাদত করার তৌফিক এবং ইমানের ওপর অটল থাকার জন্য নিয়মিত দোয়া করতে হবে। দোয়া হলো মুমিনের প্রধান হাতিয়ার। স্রষ্টার কাছে আকুতি জানাতে হবে যেন আমাদের পুরো বছরটাই রমজানের মতো পুণ্যময় হয়ে ওঠে।

মহানবী (সা.) প্রায়ই এই দোয়াটি করতেন, “হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দীনের ওপর দৃঢ় রাখুন।” (সুনানে তিরমিজি, হাদিস: ২১৪০)

রমজান আমাদের জীবনকে বদলে দেওয়ার একটি সুযোগ মাত্র। এই পরিবর্তনের সুফল তখনই পাওয়া যাবে, যখন আমরা রমজানের শিক্ষাগুলোকে অভ্যাসে পরিণত করব।